নওগাঁর মান্দা উপজেলার ভাঁরশো ইউনিয়নের আলালপুর হাজী শেখ আলম উচ্চবিদ্যালয়ের পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ মাটির ভবন উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ নিলাম অনুষ্ঠিত হয়।
নিলামে অংশ নেন ৯ জন ব্যবসায়ী। তাঁদের মধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে দেলুয়াবাড়ি বাজার এলাকার লাল মিয়া ১ লাখ ৬২ হাজার টাকায় ভবনটি কিনে নেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আবেদনের পরিপ্রেক্ষিতে ভবনটি অপসারণের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে সরকারি বিধি অনুসরণ করে ভবনটি সরানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে উন্মুক্ত নিলামের আয়োজন করা হয়।
নিলামের সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাসির উদ্দিন সরদার, প্রধান শিক্ষক আবু সাঈদ, শিক্ষকেরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ভবনটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে ছিল। শিক্ষার্থী ও স্থানীয় মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করেই এটি সরিয়ে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, নিলাম প্রক্রিয়া শেষ হওয়ায় এখন দ্রুত ভবনটি অপসারণ করা হবে।