রাজশাহী মহানগরীতে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিরসন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশেষ চেকপোস্ট ও অভিযান চালিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। অভিযানে ৪৯০টি যানবাহন তল্লাশি করে বিভিন্ন অপরাধে ৭৫টি মামলা দায়ের এবং ৪৭টি যানবাহন আটক করা হয়েছে।
আরএমপি সূত্রে জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আরএমপির ট্রাফিক বিভাগ ও ১২টি থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, অভিযানে ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, ইজিবাইক, অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন তল্লাশি করা হয়। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধে ৭৫টি মামলা করা হয়। পাশাপাশি ৪৭টি যানবাহন আটক করা হয়েছে।
আরএমপি জানিয়েছে, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।