মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

অনুমতি ছাড়া খাদ্যগুদাম পরিদর্শন: খাদ্যমন্ত্রীর এপিএস আবদুল আউয়ালকে অব্যাহতি, নতুন এপিএস মিজানুর রহমান

সরকারি সফরসূচি তৈরি করে মন্ত্রীর অজান্তে টাঙ্গাইলের নাগরপুরে খাদ্যগুদাম পরিদর্শনের কারণে খাদ্যমন্ত্রী আফরোজা খানমের সহকারী একান্ত সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

খাদ্যমন্ত্রী আফরোজা খানমের অনুমতি ছাড়া সরকারি সফরসূচি তৈরি করে খাদ্যগুদাম পরিদর্শনে যাওয়ার কারণে তাঁর সহকারী একান্ত সচিব (এপিএস) আবদুল আউয়ালকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত আদেশ জারি করে। আদেশে বলা হয়েছে, খাদ্যমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর টাঙ্গাইলের নাগরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও খাদ্যগুদাম পরিদর্শন করেন আবদুল আউয়াল। এ সফরের জন্য ৮ অক্টোবর মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা রফিকুল ইসলামের স্বাক্ষরে একটি সরকারি সফরসূচি জারি করা হয়েছিল।

একই সূত্র জানায়, এপিএসের এই সফর সম্পর্কে আগে থেকে অবগত ছিলেন না খাদ্যমন্ত্রী। বিষয়টি জানার পর তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং পরে আবদুল আউয়ালকে মৌখিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

এদিকে একই দিন জারি করা পৃথক এক আদেশে মিজানুর রহমানকে খাদ্যমন্ত্রীর এপিএস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, খাদ্যমন্ত্রী আফরোজা খানম যত দিন দায়িত্বে থাকবেন অথবা মিজানুর রহমানকে এপিএস পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, তত দিন এ নিয়োগ কার্যকর থাকবে।