টানা এক মাসেরও বেশি সময় ধরে চলা সড়ক অবরোধে কার্যত অচল হয়ে পড়েছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি। ভরা পর্যটন মৌসুমেও এলাকাটি পর্যটকশূন্য। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের হিসাবে এই এক মাসে পর্যটন খাতে ৪০ থেকে ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, স্বাভাবিক সময়ে সাজেকে প্রতিদিন প্রায় এক কোটি টাকার পর্যটন ব্যবসা হয়। প্রশাসনিক নিষেধাজ্ঞায় পর্যটকদের প্রবেশ বন্ধ থাকায় এবং যান চলাচলে বাধার কারণে এখন হোটেল, রিসোর্ট, কটেজ ও রেস্তোরাঁয় তালা ঝুলছে।
সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জানান, অবরোধের প্রথম ১৪ দিনেই পর্যটন খাতে ৩০ থেকে ৩৫ কোটি টাকার ক্ষতি হয়েছিল; এক মাসে তা ৪০ থেকে ৫০ কোটি টাকায় পৌঁছানোর আশঙ্কা করা হচ্ছে। কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণা দেববর্মণ বলেন, শুধু কটেজ খাতেই স্বাভাবিক সময়ে দৈনিক প্রায় ২০ লাখ টাকার ব্যবসা হয়।
ক্ষতি শুধু ব্যবসায়ীদের মধ্যে সীমাবদ্ধ নেই। স্থানীয় বাসিন্দারা জানান, খাদ্যপণ্য ও ওষুধ সরবরাহ, কৃষিপণ্য পরিবহন, শিক্ষা এবং জরুরি চিকিৎসাসেবায়ও চরম ভোগান্তি তৈরি হয়েছে। রুইলুই ও কংলাক এলাকার দোকানপাটে বেচাকেনা প্রায় নেই।
বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান জানান, নতুন করে বৈঠকের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। নিরাপত্তার স্বার্থে জেলা প্রশাসনের নির্দেশনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটনকেন্দ্রটি বন্ধ থাকবে। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, অবরোধ প্রত্যাহার ও পর্যটন চালুর অনিশ্চয়তা কাটেনি; তবে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশসহ নিরাপত্তা বাহিনীর টহল জোরদার রয়েছে।
সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের ডাকে পাঁচ দফা দাবিতে ২২ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের এই সড়ক অবরোধ চলছে। কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা বলেন, দাবি মেনে শান্তিপূর্ণ সমাধান ছাড়া অবরোধ তুলে নেওয়া সম্ভব নয়।