রবিবার, ০১ নভেম্বর, ২০২৬

নিউমার্কেটের সামনে ফুটপাতে উচ্ছেদ অভিযান, হকার বসা ঠেকাতে বসানো হলো শতাধিক গাছের চারা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বলেছেন, যত দিন দখল হবে তত দিন অভিযান চলবে।

রাজধানীর নিউমার্কেটের সামনের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। শনিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে তিনটার দিকে অভিযান চালানো হয়। পরে হকারদের বসা ঠেকাতে ফুটপাতে শতাধিক গাছের চারা বসিয়ে দেওয়া হয়।

পূর্বঘোষিত উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম নিউমার্কেট এলাকায় আসেন। শুরুতে তিনি প্রিয়াঙ্গন শপিং কমপ্লেক্সের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এরপর আজিমপুর–সংলগ্ন নিউমার্কেটের ফুটপাত থেকে উচ্ছেদ শুরু হয়।

সরেজমিনে দেখা যায়, অভিযান শুরু হতেই হকাররা মালামাল নিয়ে সড়কের উল্টো পাশে সরে যান। সিটি করপোরেশনের বুলডোজার দিয়ে ফুটপাতের কয়েকটি চৌকি ভেঙে ময়লার গাড়িতে তোলা হয়। নিউমার্কেটের ২ নম্বর গেট থেকে ৪ নম্বর গেট পর্যন্ত ফুটপাতে বস্তা ও ড্রামে লাগানো শতাধিক গাছের চারা বসানো হয়।

কর্মীরা ৪ নম্বর গেটের দিকে এগোলে আজিমপুর–সংলগ্ন ইউটার্নের ফুটপাতে আবারও কয়েকজন হকার বসার চেষ্টা করেন; সিটি করপোরেশনের কর্মীরা তাৎক্ষণিকভাবে তাঁদের চৌকি সরিয়ে দেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে অভিযান শেষ হয়। সন্ধ্যা ছয়টা পর্যন্ত উচ্ছেদ করা অংশে আর কাউকে বসতে দেখা যায়নি।

অভিযানের শুরুতে প্রশাসক আবদুস সালাম বলেন, নিউমার্কেট এলাকার ফুটপাত ও সড়ক হকারমুক্ত রাখতে নিয়মিত অভিযান চলবে। তাঁর ভাষ্য, ‘যত দিন দখল হবে, তত দিন অভিযান চলবে।’ কেউ রাস্তা দখল করে বসলে মালামাল জব্দসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ার করেন। তিনি স্থানীয় নেতাদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।