রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

বগুড়ার শিবগঞ্জে পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জয়পুরহাটের তরুণ নিহত

মোকামতলা–জয়পুরহাট সড়কের গোপীনাথপুর এলাকায় শুক্রবার রাতের দুর্ঘটনায় গুরুতর আহত ২১ বছর বয়সী সুজন মিয়া হাসপাতালে মারা যান।

বগুড়ার শিবগঞ্জে পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুজন মিয়া (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার গোপীনাথপুর এলাকায় মোকামতলা–জয়পুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা সুজন রাত ১১টার দিকে মারা যান।

নিহত সুজন জয়পুরহাটের কালাই উপজেলার পুনট গ্রামের আব্দুল আলিমের ছেলে। পুলিশ জানায়, তিনি মোটরসাইকেলে নিজ গ্রাম পুনট থেকে শিবগঞ্জের আমতলী বন্দরের দিকে যাচ্ছিলেন। পথে গোপীনাথপুর এলাকায় সড়কের মোড়ে জয়পুরহাটগামী একটি পিকআপভ্যানের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর পিকআপভ্যানের চালক গাড়ি ফেলে পালিয়ে যান। পরে পুলিশ পিকআপভ্যানটি জব্দ করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।