শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

ঝালকাঠির কাঠালিয়ায় আগুনে পুড়ল ১২টি ব্যবসা প্রতিষ্ঠান

বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকার দাবি।

ঝালকাঠির কাঠালিয়ার কৈখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। ফিরোজ নামের একজন ব্যবসায়ীর কসমেটিক্সের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন মুহুর্তের মধ্যে আশেপাশের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে এবং দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কাঠালিয়া ও পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে দ্রুত পৌঁছায়। দুই ঘণ্টার প্রচেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে। আগ্নিকাণ্ডে তিনজন আহত হয়েছেন। তাদের তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। স্থানীয় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: খলিলুর রহমান জানান, তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তিনি আরো জানান যে, আগুনের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মকবুল হোসেন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তিনি ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা এবং ক্ষতিগ্রস্ত দোকানগুলো পুনর্নির্মাণের জন্য ঢেউটিন দেয়ার আশ্বাস দেন। এই ভয়াবহ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের সারাজীবনের সঞ্চয় হারানোর দুঃখ প্রকাশ করেছেন। তাদের মতে, সবুজ খান, হাসান মৃধা, লিটন, মতি মোল্লা, লিটন মুন্সী, আব্দুল কাদের সহ অনেক ব্যবসায়ী এই আগুনে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চালানো হবে বলে জানানো হয়েছে।