ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের জন্য নির্ধারিত নিবন্ধন ফিকে অতিরিক্ত ও অস্বাভাবিক বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতা। মঙ্গলবার এক বিবৃতিতে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ফি কমানোর দাবি জানান এবং তা না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
বিশ্ববিদ্যালয়ের ঘোষিত হার অনুযায়ী স্নাতক (পাস ও অনার্স/সম্মানসহ) গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তদের নিবন্ধন ফি ৩ হাজার ৫০০ টাকা এবং স্নাতকোত্তরে ৫ হাজার টাকা। এমবিবিএস, বিডিএস, এমফিল, পিএইচডিসহ কয়েকটি ডিগ্রিতে এই ফি ৬ হাজার টাকা, আর স্নাতকোত্তর (ইভিনিং/এক্সিকিউটিভ) ডিগ্রিধারীদের ক্ষেত্রে ৮ হাজার টাকা। সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে, অনলাইনে আবেদন শুরু হবে ১ নভেম্বর থেকে।
মুসাদ্দিক আলী বিবৃতিতে বলেন, ‘আসন্ন ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের নামে শিক্ষার্থীদের ওপর অস্বাভাবিক ও অতিরিক্ত ফি চাপিয়ে দেওয়া হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের অধিকাংশ শিক্ষার্থীর পক্ষে এত বিপুল পরিমাণ অর্থ পরিশোধ করে সমাবর্তনে অংশ নেওয়া কোনোভাবেই সম্ভব নয়।’
তিনি জানান, উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ এখন দেশের বাইরে আছেন; তবে শিক্ষার্থীদের ন্যায্য দাবির কথা বিবেচনা করে তিনি ব্যক্তিগতভাবে তাঁদের কাছে বার্তা পাঠিয়েছেন। তাঁর তিন দফা দাবি হলো সমাবর্তন ফি যৌক্তিক পর্যায়ে কমানো, শিক্ষার্থীদের স্মৃতিচিহ্ন হিসেবে সমাবর্তনের গাউন স্থায়ীভাবে দেওয়া এবং সমাবর্তনের দিন মানসম্মত খাবার সরবরাহ করা।
প্রশাসনের উদ্দেশে ডাকসু নেতা বলেন, ‘শিক্ষার্থীদের আবেগের এই সমাবর্তনকে পুঁজি করে কোনো ধরনের গলাকাটা বা বাণিজ্যিক ফি নির্ধারণ করা চলবে না। দ্রুত সময়ের মধ্যে এসব দাবি মেনে কার্যকর উদ্যোগ গ্রহণ না করা হলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব।’