রংপুরের তারাগঞ্জে ভাড়া নিয়ে বিরোধের জেরে চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও একজন যাত্রী আহত হয়েছেন। আজ রোববার সকাল ৮টা ২০ মিনিটের দিকে উপজেলার জিগারতল এলাকায় ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা গ্রামের কালু মিয়ার ছেলে মুকুল (৩০) ও একই গ্রামের লোকমানের ছেলে শাকিল (২৮)। তাঁরা কুমিল্লার একটি নির্মাণপ্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন। আহত যাত্রীর নাম আতিকুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে জলঢাকাগামী সাইমুম পরিবহনের একটি নৈশকোচে ভাড়া নিয়ে ওই দুই যাত্রীর সঙ্গে কন্ডাক্টরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কন্ডাক্টর তাঁদের বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক, হেলপার ও কন্ডাক্টর পলাতক রয়েছেন। ঘটনায় মামলা হয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।