চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ইঞ্জিন বিকল হয়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় নোয়াখালীর হাতিয়া উপজেলার দুই জেলে নিখোঁজ হয়েছেন। ট্রলারে থাকা কামাল উদ্দিন নামে আরেক জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
রোববার দিবাগত রাত ৪টার দিকে চট্টগ্রামের আকমল আলী ঘাটসংলগ্ন কর্ণফুলী নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জেলেরা হলেন হাতিয়ার তমরদ্দি ইউনিয়নের মোস্তফার ছেলে মিরাজ উদ্দিন (৩২) এবং সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে শরীফ উদ্দিন (৩৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ দিন আগে মাছ ধরার কাজে ব্যবহারের জন্য একটি লালবোট কিনতে ওই জেলেরা চট্টগ্রামের বন্দরটিলা এলাকায় যান। বোটটি কিনে রোববার রাতে তাঁরা সেটি নিয়ে হাতিয়ার উদ্দেশে রওনা হন। পথে আকমল আলী ঘাটসংলগ্ন কর্ণফুলী নদীতে পৌঁছালে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে স্রোতে বোটটি নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে পেছনে থাকা একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে সেটি ডুবে যায়।
দুর্ঘটনার পর কামাল উদ্দিন কার্গো জাহাজের শিকল ধরে ঝুলে থাকেন। পরে জাহাজের কর্মীরা তাঁকে উদ্ধার করেন। তবে বোটে থাকা অপর দুই জেলে মিরাজ উদ্দিন ও শরীফ উদ্দিনের কোনো সন্ধান পাওয়া যায়নি। হাতিয়ার নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা বলেন, চট্টগ্রামের কর্ণফুলী নদীতে এ দুর্ঘটনা ঘটেছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।