বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬

রাবির ব্যবসায় শিক্ষা অনুষদে ৬৮ শিক্ষার্থী ও ছয় শিক্ষক পেলেন ডিনস অ্যাওয়ার্ড; শিক্ষার্থীরা পেলেন নগদ ৫ হাজার টাকা

সিজিপিএ ৩.৮৫ অর্জনকারী বিবিএ ও এমবিএ শিক্ষার্থীদের মঙ্গলবার সিনেট ভবনের অনুষ্ঠানে সম্মাননা দেন উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।

ভালো ফলাফল অর্জনের স্বীকৃতি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের ৬৮ জন শিক্ষার্থীকে ‘ডিনস অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে শিক্ষা, গবেষণা, প্রকাশনা ও পেশাগত অবদানের জন্য অনুষদের ছয়জন শিক্ষককেও সম্মাননা জানানো হয়। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষদ সূত্রে জানা গেছে, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে সিজিপিএ ৩.৮৫ অর্জনকারীদের মধ্য থেকে বিবিএ পর্যায়ের ২৮ জন ও এমবিএ পর্যায়ের ৪০ জনকে মনোনীত করা হয়। বিভাগ অনুযায়ী পুরস্কারপ্রাপ্তদের মধ্যে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ১৩ জন, ম্যানেজমেন্ট স্টাডিজের ৯ জন, মার্কেটিংয়ের ২৭ জন, ফাইন্যান্সের দুজন, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্সের ছয়জন এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১১ জন। শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদপত্র ও নগদ পাঁচ হাজার টাকা দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এই আয়োজন প্রতিবছর অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের সম্মাননা দেওয়াও গুরুত্বপূর্ণ। এই অর্জনের পর শিক্ষার্থীদের দায়িত্ব বেড়ে গেল বলে উল্লেখ করে তিনি সাফল্য ধরে রাখার তাগিদ দেন।

স্বাগত বক্তব্যে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, এই অর্জন কেবল পুরস্কার নয়, শিক্ষার্থীদের নিষ্ঠা ও সততার প্রতিফলন। সম্মাননা পেয়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জান্নাত আরা শিউলি বলেন, কঠোর পরিশ্রম, শিক্ষকদের পরামর্শ ও পরিবারের দোয়ার কারণেই এই সাফল্য সম্ভব হয়েছে।