শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

২৭ দিন বন্ধ থাকার পর আবার ইউরিয়া উৎপাদনে সিইউএফএল, প্রায় ৪০ বছরের পুরোনো কারখানায় বারবার যান্ত্রিক ত্রুটি

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় উৎপাদন শুরু হলেও কারখানার কর্মকর্তারা বলছেন, কবে আবার বন্ধ হয়ে যাবে তার নিশ্চয়তা নেই; বন্ধ থাকায় দৈনিক লোকসান তিন কোটি টাকার বেশি।

গ্যাস সংকট কাটিয়ে চালু হলেও যান্ত্রিক ত্রুটির কারণে বারবার বন্ধ হয়ে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন। সর্বশেষ ২৭ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে কারখানাটিতে আবার ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে।

সিইউএফএলের উৎপাদন বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) উত্তম চৌধুরী উৎপাদন শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কারখানা সূত্রে জানা গেছে, দীর্ঘ ছয় মাস গ্যাস সংকটে বন্ধ থাকার পর গত ১৫ সেপ্টেম্বর কারখানাটি চালু হয়। কিন্তু চালুর ৪৮ ঘণ্টার মধ্যেই যান্ত্রিক ত্রুটিতে উৎপাদন বন্ধ হয়ে যায়। মেরামতের পর আবার চালু হলেও তা বেশি দিন টেকেনি। সর্বশেষ গত ১৭ অক্টোবর রাতে আবারও যান্ত্রিক ত্রুটি দেখা দিলে কারখানাটি বন্ধ হয়ে যায়। উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন তিন কোটি টাকার বেশি লোকসান হচ্ছিল বলে কারখানা সূত্র জানিয়েছে।

স্বাভাবিকভাবে চালু থাকলে কারখানাটিতে দৈনিক প্রায় ৫০০ টন অ্যামোনিয়া ও ১ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদনের সক্ষমতা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রায় ৪০ বছরের পুরোনো এ কারখানায় নানা সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকলেও উৎপাদন ধরে রাখা কঠিন হয়ে পড়ে। একবার বন্ধ হলে ত্রুটি শনাক্ত ও মেরামত করে আবার চালু করতে দীর্ঘ সময় লাগে। পুরোনো যন্ত্রপাতির কারণে কারখানার উৎপাদন সক্ষমতাও আগের চেয়ে কমে গেছে।

বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশনের যুগ্ম সম্পাদক আনোয়ারুল আজিম সবুজ বলেন, কারিগরি ত্রুটি কাটিয়ে কারখানাটি চালু হওয়ায় কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরেছে। নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা গেলে কারখানাটি পূর্ণ সক্ষমতায় চালানো সম্ভব।

জিএম উত্তম চৌধুরী বলেন, কারখানাটি প্রায় ৪০ বছরের পুরোনো, কবে বন্ধ হয়ে যাবে তার নিশ্চয়তা নেই। কিছু যান্ত্রিক সমস্যা ধাপে ধাপে সমাধানের চেষ্টা চলছে। ঠিকমতো উৎপাদন করা গেলে চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে।