রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ের নিচে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় দুজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে মিরপুর ১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে এ ঘটনা ঘটে। ভবনটির চতুর্থ তলায় মিল্টনের ব্যক্তিগত কার্যালয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে মিরপুর ১৪ নম্বরের দিক থেকে ১০০ থেকে ১৫০ জনের একটি দল লাঠি, ইটপাটকেলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ভবনে হামলা চালায়। প্রথমে তারা ইটপাটকেল ছুড়তে শুরু করে। এতে ভবনের নিচে থাকা দুজন আহত হন। পরে ভবনের নিচের কাচের গেট ভাঙচুর করা হয়।
ভবনের নিচতলায় একটি বেসরকারি ব্যাংকের কাফরুল শাখা। ব্যাংকের নিরাপত্তাকর্মী সুমন সর্দার বলেন, হামলা শুরু হলে তাঁরা ভয়ে ব্যাংকের ভেতরে ঢুকে পড়েন। পাঁচ-দশ মিনিটের মধ্যে ভাঙচুর চালিয়ে হামলাকারীরা চলে যায়। তাদের মধ্যে নারী-পুরুষ দুই-ই ছিল; তারা ভবনের ওপরে উঠতে পারেনি।
ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার বলেন, কয়েক দিন ধরে পোশাকশ্রমিকেরা আন্দোলন করছেন। এরই অংশ হিসেবে সকালে মিরপুর ১৪ নম্বর এলাকার দুটি কারখানায় শ্রমিকদের মধ্যে মতবিরোধ হয়; এক পক্ষ কাজে যোগ দিতে চায়, অন্য পক্ষ চায় না। একপর্যায়ে দুই পক্ষই কারখানার বাইরে চলে আসে। পুলিশ মনে করে তারা সড়ক অবরোধ করবে, তাই তাদের ধাওয়া দেওয়া হয়। ধাওয়া খেয়ে কাজ করতে চাওয়া পক্ষ ময়মনসিংহ ভবনের নিচে আশ্রয় নেয়। পরে কাজ করতে না চাওয়া শ্রমিকেরা তাদের দিকে ইটপাটকেল ছোড়েন; এতে কয়েকজন আহত হন এবং ভবনের কাচ ভেঙে পড়ে।
উপকমিশনার ঘটনাটিকে ‘বিচ্ছিন্ন’ উল্লেখ করে বলেন, যারা এ কাজ করেছে, তারা দুষ্কৃতকারী এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এতে রাজনৈতিক কোনো যোগসূত্র পুলিশ দেখছে না বলেও তিনি জানান।
বেলা একটার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভবনের নিচে কাচের টুকরা ও ইটপাটকেল ছড়িয়ে আছে। সামনের অংশের বিভিন্ন জায়গায় ভাঙচুরের চিহ্ন। ভবনের নিচে বিএনপির শতাধিক নেতা-কর্মী অবস্থান করছিলেন; কার্যালয়ে তালা দেওয়া ছিল। পুলিশ সদস্যরাও ভবনের নিচে অবস্থান করছিলেন।