খাগড়াছড়ির রামগড়ে সীমান্তবর্তী এলাকায় অংথৈইপ্রু মারমা (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক বিজিবি সৈনিকের মরদেহ পাওয়া গেছে। পুলিশ বলছে, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন আছে, তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
শনিবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে উপজেলার ফেনীরকুল এলাকায় মরদেহ উদ্ধারের বিষয়টি জানাজানি হয়। অংথৈইপ্রু রামগড় পৌরসভার ফেনীরকুল গ্রামের প্রয়াত মং মং মারমার ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর ২টার দিকে ঘাস কাটার জন্য তিনি রামগড়-সাবরুম সীমান্তবর্তী ফেনীরকুল এলাকায় ফেনী নদীর তীরে যান। রাতে বাড়ি না ফেরায় শনিবার সকালে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। স্বজন ও স্থানীয় লোকজনের ভাষ্য, একপর্যায়ে তাঁরা সীমান্তের কিনারে, ভারতের অংশে সাবরুমের ঢোলবাড়ি সীমান্তে মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা মরদেহ বাংলাদেশ অংশে নিয়ে আসেন।
খবর পেয়ে রামগড় থানা-পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে যান। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। তবে আঘাতের কারণ ও মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদরে পাঠানো হবে এবং প্রতিবেদন হাতে পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। রামগড় ৪৩ বিজিবির সহকারী পরিচালক শামসুল হক বলেন, তদন্তের পরই ঘটনার সত্যতা জানানো যাবে।
শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে ময়নাতদন্তের জন্য মরদেহ রামগড় থানায় আনা হয়। এ সময় এলাকার লোকজন ও স্থানীয় রাজনৈতিক নেতারা থানায় গিয়ে ময়নাতদন্ত না করার অনুরোধ জানান। নিহত ব্যক্তির ছেলে থৈঅংগ্য মারমা বলেন, তাঁর বাবার ময়নাতদন্তের প্রয়োজন নেই এবং এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তিনি এটিকে স্বাভাবিক মৃত্যুই মনে করছেন বলে জানান এবং পারিবারিক ও সামাজিক রীতি অনুযায়ী সৎকারের জন্য মরদেহ হস্তান্তরের দাবি তোলেন।
প্রতিবেদন লেখা পর্যন্ত ময়নাতদন্ত নিয়ে প্রশাসন ও নিহতের স্বজনেরা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি।