রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

কোস্টগার্ডের অভিযানে মিরসরাই উপকূলে মিয়ানমারে পাচারের ৯৭৫ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে সাগরপথে মিয়ানমারে পাচারের চেষ্টাকালে বাংলাদেশ কোস্টগার্ড সার জব্দ করে তিনজনকে আটক করেছে।

বাংলাদেশ কোস্টগার্ড গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে চট্টগ্রামের মিরসরাইয়ের ইছাখালী ইউনিয়নের বঙ্গোপসাগর উপকূলে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় ৯৭৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে। এ ঘটনায় ট্রাকচালক ইয়াছিন এবং শ্রমিক মো. মনির হোসেন ও মো. ইসমাইল নামের তিনজনকে আটক করা হয়।

অভিযানে সার পরিবহনে ব্যবহৃত চারটি ট্রাক এবং পাচারের জন্য উপকূলে প্রস্তুত রাখা একটি মাছ ধরার ট্রলারও জব্দ করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের মূল হোতারা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আটককৃত ইয়াছিনকে ১ হাজার টাকা এবং মো. মনির হোসেন ও মো. ইসমাইলকে ২০০ টাকা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, জব্দকৃত ইউরিয়া সার চট্টগ্রামের মাঝিরঘাট থেকে চারটি ট্রাকে করে মিরসরাইয়ের উপকূলে আনা হয়েছিল। সারগুলো হাতিয়ায় নেওয়ার কথা বলা হলেও, সংশ্লিষ্টদের প্রাথমিক ধারণা, এগুলো সাগরপথে মিয়ানমারে পাচারের জন্য আনা হয়েছিল এবং উপকূলে আগে থেকেই একটি মাছ ধরার ট্রলার প্রস্তুত রাখা ছিল। ট্রাক থেকে সারগুলো ট্রলারে তোলার সময় টহলরত কোস্ট গার্ড সদস্যদের নজরে এলে অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসন সূত্র থেকে জানা গেছে, ট্রাকচালকদের দেওয়া তথ্য অনুযায়ী, চারটি ট্রাকে মোট ১ হাজার ১০০ বস্তা সার থাকার কথা ছিল। তবে অভিযান শেষে ট্রাক ও ট্রলার মিলিয়ে ৯৭৫ বস্তা সার উদ্ধার হয়। ধারণা করা হচ্ছে, বাকি ১২৫ বস্তা সার অন্য একটি মাছ ধরার ট্রলারে করে সরিয়ে নেওয়া হয়েছে।

সার আটকের খবর পেয়ে মিরসরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের ও উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় ঘটনাস্থলে উপস্থিত হন। সহকারী কমিশনার তানভীরুল কাদের বলেন, “ট্রলারে থাকা ১৭৫ বস্তা এবং চারটি ট্রাকে থাকা ৮০০ বস্তা মোট ৯৭৫ বস্তা সার প্রতি কেজি ২৫ টাকা দরে প্রকাশ্য নিলামে ১২ লাখ ১৮ হাজার ৭৫০ টাকায় বিক্রি করা হয়েছে। সারের বৈধ কোনো কাগজপত্র না থাকায় এ ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া ট্রাক ও ট্রলার জব্দ করা হয়েছে। সার পাচারের সাথে জড়িত থাকার বিষয় প্রমাণিত হলে ট্রাক ও ট্রলার মালিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় ধারণা করছেন, সাগরপথে পাচারের উদ্দেশ্যে সারগুলো চট্টগ্রাম থেকে মিরসরাইয়ে নিয়ে আসা হয়েছে, কারণ ট্রাকচালক কিংবা মাছ ধরার ট্রলার চালক কারো কাছেই সারের বৈধ কাগজপত্র ছিল না। মিরসরাই কোস্ট গার্ডের পিওআর মোহাম্মদ রবিউল হোসেন নিশ্চিত করেছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের জন্য অবৈধভাবে মিরসরাই উপকূলে নিয়ে আসা সারগুলো জব্দ করা হয়েছে এবং সাগরপথে চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, উদ্ধার করা সার মিরসরাই উপজেলার জন্য বরাদ্দকৃত সারের অংশ নয়।