বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

সংশোধিত বাজেটে সরকারি ব্যয়ে কড়াকড়ি: নতুন গাড়ি কেনা, বিদেশে প্রশিক্ষণ ও নতুন ভবন নির্মাণ বন্ধ

অর্থ বিভাগের পরিপত্রে মন্ত্রণালয়গুলোকে মূল বাজেটের সীমার মধ্যে থেকে ২৬ নভেম্বরের মধ্যে সংশোধিত বাজেটের প্রস্তাব দিতে বলা হয়েছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে সরকারি ব্যয়ে আরও কড়াকড়ি আরোপ করেছে সরকার। নতুন গাড়ি কেনা, সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণ এবং নতুন ভবন নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে উন্নয়ন প্রকল্পের সংখ্যা কমিয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পে বরাদ্দ বাড়াতে বলা হয়েছে। সংশোধিত বাজেট প্রণয়নের জন্য সোমবার জারি করা এক পরিপত্রে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এসব নির্দেশনা দিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সংশোধিত বাজেটের মোট ব্যয় মূল বাজেটে নির্ধারিত সীমার মধ্যেই রাখতে হবে। কোনো মন্ত্রণালয় বা বিভাগ অতিরিক্ত বরাদ্দ চাইতে পারবে না; বরং মূল বাজেটের মধ্যেই সরকারের অগ্রাধিকার, নীতি ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের খাতে বরাদ্দ পুনর্বিন্যাস করতে হবে। সংশোধিত বাজেটের প্রস্তাব জমা দেওয়ার সময়সীমা ২৬ নভেম্বর।

অর্থ বিভাগ জানিয়েছে, চলতি অর্থবছরে সব ধরনের যানবাহন কেনার বরাদ্দ ব্যয় বন্ধ থাকবে। তবে ১০ বছরের বেশি পুরোনো সরকারি গাড়ি প্রতিস্থাপন এবং নতুন গঠিত প্রতিষ্ঠানের প্রয়োজনীয় যানবাহন কেনার ক্ষেত্রে অর্থ বিভাগের অনুমোদন লাগবে। অ্যাম্বুলেন্স ও নিরাপত্তার কাজে ব্যবহৃত যানবাহন ছাড়া প্রতিস্থাপন বা নতুন কেনা গাড়ি বৈদ্যুতিক হতে হবে। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট স্থাপনা ছাড়া নতুন আবাসিক, অনাবাসিক ও অন্যান্য ভবন নির্মাণও বন্ধ থাকবে। তবে কোনো ভবনের ৭০ শতাংশ বা তার বেশি কাজ শেষ হলে অর্থ বিভাগের অনুমোদন নিয়ে বাকি কাজ করা যাবে। কর্মচারীদের গাড়ি কেনার সুদমুক্ত বিশেষ অগ্রিম ঋণের বরাদ্দও রাখা যাবে না।

সরকারি অর্থে বিদেশে প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশগ্রহণ বন্ধ থাকবে; অত্যাবশ্যক ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে সীমিত পরিসরে বরাদ্দ রাখা যাবে। আপ্যায়ন ও অনুষ্ঠানের ক্ষেত্রে আড়ম্বর পরিহার করে ব্যয় সাশ্রয়ী হতে বলা হয়েছে।

সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) প্রকল্পের সংখ্যা সীমিত রাখতে এবং প্রয়োজনে কম গুরুত্বপূর্ণ প্রকল্প বাদ দিতে বলেছে অর্থ বিভাগ। বৈদেশিক ঋণ ও অনুদানে চলমান প্রকল্প, মানবসম্পদ উন্নয়ন, কৃষি, বিদ্যুৎ উৎপাদন, কৃষিভিত্তিক শিল্প, পরিবেশ ও জলবায়ু এবং দুর্যোগ ব্যবস্থাপনার প্রকল্প অগ্রাধিকার পাবে। ধীরগতির প্রকল্প থেকে বরাদ্দ কমিয়ে দ্রুত বাস্তবায়নযোগ্য প্রকল্পে দেওয়ার নির্দেশও আছে। সংশোধিত পরিচালন বাজেটে ২০২৬ সালের জাতীয় বেতনকাঠামো অনুসরণ করতে হবে।