শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬

অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না করা ভাত-খিচুড়িতে সিসা: নতুন গবেষণায় শিশুর মস্তিষ্ক ও হৃদ্‌রোগের ঝুঁকির সতর্কতা

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও আইসিডিডিআর,বির যৌথ গবেষণায় নতুন পাত্রের ভাতে কেজিপ্রতি সর্বোচ্চ ৩০৫ ও খিচুড়িতে ৪২০ মাইক্রোগ্রাম সিসা মিলেছে।

রান্নার কাজে বহুল ব্যবহৃত অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল থেকে খাবারে সিসা মিশছে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) যৌথ গবেষণা অনুযায়ী, বাংলাদেশে ব্যবহৃত অ্যালুমিনিয়ামের রান্নার পাত্র থেকে এই বিষাক্ত ভারী ধাতু খাবারে ঢুকছে।

গবেষণায় দেখা গেছে, নতুন হাঁড়িতে রান্না করা ভাতে প্রতি কেজিতে সর্বোচ্চ ৩০৫ মাইক্রোগ্রাম এবং খিচুড়িতে ৪২০ মাইক্রোগ্রাম সিসা পাওয়া গেছে। পুরোনো পাত্রও ঝুঁকিমুক্ত নয়; শক্ত জালি দিয়ে ঘষলে সিসার নির্গমন আরও বেড়ে যায়।

বিশেষ করে পুরোনো ও পরিত্যক্ত বিভিন্ন ধাতবসামগ্রী গলিয়ে তৈরি সস্তা অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না করা ভাত ও খিচুড়িতে উদ্বেগজনক মাত্রায় সিসার উপস্থিতি পাওয়া গেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা খাবারে সিসার সামান্যতম উপস্থিতিকেও অগ্রহণযোগ্য বলে মনে করে। স্বাস্থ্যঝুঁকির বিষয়ে বলা হয়েছে, এতে শিশুদের মস্তিষ্কের বিকাশ, শেখার ক্ষমতা ও বুদ্ধিবৃত্তিক সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। দীর্ঘমেয়াদে সিসার সংস্পর্শে থাকলে প্রাপ্তবয়স্কদের হৃদ্‌রোগের ঝুঁকিও বাড়তে পারে।