নওগাঁর বদলগাছীতে অসচ্ছল ও দুস্থ নারীদের জন্য বরাদ্দ সরকারের ভিডব্লিউবি কর্মসূচির ১ হাজার ৯০০ কেজি চাল জব্দ করা হয়েছে। অবৈধভাবে চাল কেনা ও মজুতের অভিযোগে ১১ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার কোলা ইউনিয়ন পরিষদের পাশের একটি গুদামে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করে উপজেলা প্রশাসন। পরদিন বুধবার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সংশ্লিষ্ট থানায় মামলাটি করেন।
ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভিডব্লিউবি কর্মসূচির আওতায় কোলা ইউনিয়নের অসচ্ছল ও দুস্থ নারীদের কার্ডপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছিল। অভিযোগ রয়েছে, চাল নেওয়ার পর কয়েকজন উপকারভোগী নারী পরিষদের বাইরে অপেক্ষমাণ ব্যবসায়ীদের কাছে তা বিক্রি করে দিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে পাশের গুদাম থেকে মজুত করা প্রায় ১ হাজার ৯০০ কেজি চাল জব্দ করে।
কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুর ইসলাম স্বপন জানান, পরিষদের কাজে বাইরে থাকাকালে তিনি ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান। তাঁর ভাষ্য, উপকারভোগীরা পরিষদ থেকে চাল নিয়ে বাইরে বিক্রি করছিলেন; পরিষদের ভেতরে চাল বিক্রির কোনো ঘটনা ঘটেনি।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, সরকারি চাল অবৈধভাবে কেনাবেচার সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে ১১ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। জব্দ করা চাল এখন প্রশাসনের হেফাজতে আছে। বদলগাছী থানার উপপরিদর্শক জিয়াউর রহমান জিয়া মামলার বিষয়টি নিশ্চিত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। সরকারি চাল কালোবাজারে কেনাবেচার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মহিলা বিষয়ক কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।