রাজশাহীর পবা উপজেলার ১২১ এতিম ও সুবিধাবঞ্চিত শিশুর খাদ্য, শিক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে ত্রৈমাসিক সহায়তা কার্যক্রম চালু করেছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা গ্লোবাল ওয়ান বাংলাদেশ। সংস্থাটির ‘অরফানকেয়ার প্রজেক্ট’-এর আওতায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার সকাল ১০টায় পবা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল ওয়ানের বোর্ড পরিচালক আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন এবং গ্লোবাল ওয়ান বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মো. রমজান আলী।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, রাজশাহী অঞ্চলে নারী, শিশু, প্রবীণ ও সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, এতিম শিশুদের লালন-পালনে মা ও স্বজনদের সংগ্রাম ও আত্মত্যাগের মূল্য অনেক। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাওয়া অনুদান ও সহায়তা যথাযথভাবে কাজে লাগিয়ে শিশুদের শিক্ষা, পুষ্টি ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে। শুধু পবা নয়, পর্যায়ক্রমে পুরো রাজশাহী জেলায় এ ধরনের উদ্যোগ সম্প্রসারণের কথাও বলেন তিনি। প্রকৃত অসহায় মানুষকে সহায়তার আওতায় আনতে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে যাচাই-বাছাইয়ের ওপরও জোর দেন সংসদ সদস্য।
অনুষ্ঠানে ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় ত্রৈমাসিকের সহায়তা বিতরণ করা হয়। প্রকল্পের আওতায় প্রতিটি শিশুকে পড়াশোনার খরচ বাবদ ১ হাজার ৫০০ টাকা করে শিক্ষাবৃত্তি দেওয়া হয়। প্রতিটি শিশুর পরিবারকে দেওয়া হয় ২৫ কেজি চাল, ৩ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি আটা, ৩ কেজি পেঁয়াজ, ৩ কেজি আলু, দেড় কেজি লবণ, ৩ কেজি চিনি, ৫০০ গ্রাম গুঁড়া দুধ, ৫০০ গ্রাম হরলিক্স ও দুই বক্স বিস্কুট। শিক্ষাসামগ্রীর মধ্যে ছিল ছয়টি খাতা, ছয়টি কলম ও এক প্যাকেট রঙিন পেনসিল। সঙ্গে তিনটি গোসলের সাবান ও তিনটি কাপড় কাচার সাবানও দেওয়া হয়।
অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসেবার ব্যবস্থাও করা হয়। গ্লোবাল ওয়ান বাংলাদেশ জানায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, পুষ্টি, স্বাস্থ্যসেবা ও নিরাপদ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করাই প্রকল্পের মূল লক্ষ্য। সহায়তা বিতরণ শেষে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।