বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬

যশোরে পৃথক দুর্ঘটনায় ইন্টারনেটকর্মী ও কৃষকের মৃত্যু

২২ সেপ্টেম্বর সকালে যশোরে ইন্টারনেটকর্মী ও কেশবপুরে কৃষকের মৃত্যু হয়েছে।

যশোরে পৃথক দুটি দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে যশোর শহরের জেস্ট টাওয়ারের সামনে এক ইন্টারনেটকর্মী বৈদ্যুতিক পোলে উঠে কাজ করার সময় মই থেকে পড়ে গুরুতর আহত হন। সহকর্মীরা তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল সাড়ে এগারোটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইমরান হোসেন খুলনার টুটপাড়া এলাকার আজাহার আলী শেখের ছেলে এবং তিনি যশোর শহরের মুড়লী মোড় এলাকায় একটি ইন্টারনেট প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। অন্যদিকে, কেশবপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার সদর ইউনিয়নের নতুন মূলগ্রামে এ ঘটনা ঘটে। নিহত জনাব আলী গাজী ঐ গ্রামের মৃত ইমান আলীর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সে সকালে জমিতে কাজ ও মাছ ধরতে বের হন। তবে, সকালে প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বাড়িতে ফেরার পথে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে এবং দুটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা হয়েছে।