শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

রংপুরে বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকে পড়ল, ঘুমন্ত শিশুর মৃত্যু; আহত অন্তঃসত্ত্বা মা আইসিইউতে

বৃহস্পতিবার মধ্যরাতে নগরীর খাসবাগ চারমাথা মোড়ে ঘটনা; চালক ও তাঁর সহকারীকে আটক করে রেখেছে এলাকাবাসী, রাতে বালুর ট্রাক নিয়ে স্থানীয়দের ক্ষোভ।

রংপুর নগরীতে বালুভর্তি একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ঢুকে পড়ায় ঘুমন্ত এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির গর্ভবতী মা গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত তিনটার দিকে নগরীর বোতলা সড়কের খাসবাগ চারমাথা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর বয়স ১১ বছর। সে স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। আহত মায়ের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকেরা জরুরি ভিত্তিতে তাঁকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করেছেন; তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মিলন ভট্টাচার্য জানান, খাসবাগ চারমাথা মোড়ে বালুভর্তি ড্রাম ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি বাড়িতে ঢুকে পড়ে। আধা পাকা ঘরে তখন ঘুমিয়ে ছিল শিশুটি; ট্রাকের চাপায় সে মারা যায়। ঘটনার পর এলাকাবাসী ট্রাকের চালক মেহেদী হাসান ও তাঁর সহকারী শ্রাবণ মিয়াকে আটক করে রাখে।

স্থানীয়রা জানান, রাত যত গভীর হয়, রংপুর মহানগরীর অলিগলির সড়কে বালুভর্তি ড্রাম ট্রাকের চলাচল তত বাড়ে; দিনে এসব ট্রাক তুলনামূলক কম দেখা যায়। তাঁদের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে পুরো নগরীর নিরাপত্তা বিঘ্নিত করছে।