রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নের খোর্দ্দগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ ভাড়া দিয়ে চালু করা হয়েছে আখ ক্রয়কেন্দ্র। এতে বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান ও শিক্ষার্থীদের খেলাধুলার পরিবেশ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। একই মাঠ সংস্কারের নামে সরকারি অনুদান নেওয়া হয়েছিল, তা নিয়েও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাঠটি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের খেলাধুলা, শরীরচর্চা এবং নানা সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনের একমাত্র ভরসা। সম্প্রতি মাঠের একটি অংশ ভাড়া দিয়ে সেখানে আখ ক্রয়কেন্দ্র বসানো হয়েছে। বর্তমানে মাঠজুড়ে আখ কেনাবেচা, যানবাহনের আনাগোনা ও শ্রমিকদের জটলা লেগেই থাকছে। এতে শিক্ষার্থীদের মাঠে নামা প্রায় অসম্ভব হয়ে পড়েছে এবং শ্রেণিকক্ষের পরিবেশেও এর প্রভাব পড়ছে বলে অভিভাবকেরা বলছেন।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে মাঠ সংস্কার ও উন্নয়নের কথা উল্লেখ করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় থেকে ২ লাখ টাকা বরাদ্দ নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। মাঠ সংস্কারের পর সেটি আবার বাণিজ্যিক উদ্দেশ্যে আখ ক্রয়কেন্দ্রের জন্য ভাড়া দেওয়ায় অভিভাবক ও এলাকাবাসী ক্ষুব্ধ। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, প্রতি বছরই সংস্কারের নামে সরকারি অনুদান নেওয়া হয়, পরে মাঠে আখ ক্রয়কেন্দ্র বসে। এভাবে চলতে দেওয়া হবে না বলেও তাঁরা ক্ষোভ জানান।
আখ ক্রয়কেন্দ্রের সিআইসি মুক্তা বলেন, বিদ্যালয়ের সঙ্গে ক্রয়কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের চুক্তির ভিত্তিতে মাঠ ব্যবহার করা হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদুল ইসলাম বলেন, এলাকার আখচাষি ও কৃষকদের অনুরোধে ৬ হাজার ৮০০ টাকার চুক্তিতে মাঠ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। তবে শিক্ষার্থী ও বিদ্যালয়ের পরিবেশ রক্ষার স্বার্থে ক্রয়কেন্দ্রটি জরুরি ভিত্তিতে সরিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে বলে তিনি দাবি করেন।
শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, ক্রয়কেন্দ্রটি দ্রুত অন্যত্র সরিয়ে মাঠ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করতে হবে। একই সঙ্গে সংস্কারের জন্য নেওয়া ২ লাখ টাকার প্রকৃত ব্যয় ও সংশ্লিষ্ট কার্যক্রমের সুষ্ঠু তদন্ত চান তাঁরা।