কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে কুকুরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল উল্টে দুই তরুণের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে কুকুরটিরও মৃত্যু হয়। বৃহস্পতিবার রাত ১০টার দিকে মাতারবাড়ী-আফজলিয়া সড়কের রাঙাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আকবর হাজির পাড়ার জয়নাল আবদীনের ছেলে মো. শাহীন এবং একই এলাকার আবদুস ছালামের ছেলে মোহাম্মদ ইকবাল।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদ ইকবাল, মো. শাহীন ও আবদুল কাইয়ুম একটি মোটরসাইকেলে করে মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্র ও পাশের সমুদ্রবন্দর প্রকল্প দেখতে যান। রাত ১০টার দিকে বাড়ি ফেরার পথে রাঙাখালী এলাকায় একটি কুকুরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি উল্টে গিয়ে তিনজনই সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই ইকবাল ও শাহীনের মৃত্যু হয়।
গুরুতর আহত আবদুল কাইয়ুমকে স্থানীয় বাসিন্দারা প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে রাতে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুজনের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।