সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

ইউটিউব দেখে ও চ্যাটজিপিটির সহায়তায় হাটহাজারীর ভাড়া বাসায় ইয়াবা তৈরি, মেশিনসহ গ্রেপ্তার তৌহিদুল

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুবক স্বীকার করেছেন তিনি নারায়ণগঞ্জ থেকে মেশিন কিনে ঘরে ইয়াবা বানিয়ে বিক্রি করছিলেন।

ইউটিউবের ভিডিও দেখে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নিয়ে ইয়াবা তৈরির কৌশল শিখে ঘরে মেশিন বসিয়ে ইয়াবা বানাচ্ছিলেন এক যুবক। শনিবার রাতে চট্টগ্রামে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবকের নাম মোহাম্মদ তৌহিদুল আলম।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, শনিবার রাতে নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তৌহিদুলকে গ্রেপ্তার করা হয়। দেহ তল্লাশি করে দুটি ইয়াবা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তিনি তাঁর বাসায় ইয়াবা তৈরির মেশিন থাকার কথা স্বীকার করেন।

এরপর তাঁকে নিয়ে হাটহাজারীর কুয়াইশ এলাকার ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে ইয়াবা তৈরির একটি মেশিন, কর্নফ্লাওয়ার, স্যাকারিন, ইফিড্রিন, ফুড কালার, মেনথল এবং ইয়াবার আকার নির্ধারণের যন্ত্র উদ্ধার করা হয়।

রোববার দুপুরে সংবাদ সম্মেলনে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার ফয়সাল আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তৌহিদুল স্বীকার করেছেন, ইউটিউব দেখে এবং চ্যাটজিপিটির সহায়তায় তিনি ইয়াবা তৈরির কৌশল আয়ত্ত করেন। এরপর নারায়ণগঞ্জ থেকে মেশিন কিনে ভাড়া বাসায় বসান এবং ব্যবসার উদ্দেশ্যে ইয়াবা তৈরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিলেন। উদ্ধার হওয়া মেশিনের আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা।

পুলিশ কর্মকর্তা জানান, মেশিন বসিয়ে ইয়াবা তৈরি শুরু করেছেন বেশি দিন হয়নি; তিনি ৫–১০টি করে বিক্রি করতেন। তৈরি করা ট্যাবলেটগুলো আসল না নকল, তা এখনো বোঝা যাচ্ছে না। তৌহিদুলের সঙ্গে আর কেউ জড়িত কি না এবং নারায়ণগঞ্জে মেশিন বিক্রেতাদের বিষয়ে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।