নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় একটি চায়ের দোকানে বসে থাকা এক বৃদ্ধকে গুলি করা হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঘোষকামতা গ্রামের বটতলী এলাকায় সালাউদ্দিনের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম মো. জামাল উদ্দিন। তিনি ঘোষকামতা গ্রামেরই বাসিন্দা। পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার রাতে তিনি বাড়ির পাশের ওই চায়ের দোকানে বসে ছিলেন। তখন মাথায় হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে দোকানের সামনে এসে তাঁকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়েন। তাঁর বাঁ হাঁটু ও ঊরুতে গুলি লাগে। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাজীব আহমেদ চৌধুরী বলেন, দিবাগত রাত ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় জামাল উদ্দিনকে হাসপাতালে আনা হয়। তিনি এখন সেখানে চিকিৎসাধীন। হাসপাতালটিতে ২৫০টি শয্যা রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, জামাল উদ্দিন দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং কয়েক বছর আগে দেশে ফিরে আসেন। নাটেশ্বর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে তিনি আগ্রহী ছিলেন এবং এ নিয়ে এলাকায় সম্প্রতি পোস্টারও সাঁটানো হয়। গুলির ঘটনার সঙ্গে নির্বাচনে প্রার্থী হতে আগ্রহের কোনো যোগসূত্র থাকতে পারে বলে স্থানীয় বাসিন্দাদের ধারণা। তবে পুলিশ এ বিষয়ে কিছু নিশ্চিত করেনি।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী কারণে তাঁকে গুলি করা হয়েছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ওসি আরও বলেন, এ ঘটনায় পরিবারের অভিযোগের আলোকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।