নিজের শিকড়ের খোঁজে ৪৬ বছর পর আবারও বাংলাদেশে এসেছেন নেদারল্যান্ডসের নাগরিক হ্যারল্ড ডেভিড রাজীব। কুমিল্লা শহরের পথে পথে মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে জন্মদাতা মা-বাবার সন্ধান চাইছেন তিনি। বাংলাদেশি নাম রাজীব উদ্দিন।
বৃহস্পতিবার কুমিল্লা নগরের ঝাউতলা এলাকার একটি হোটেলে কথা বলার সময় রাজীব জানান, জন্মের প্রায় তিন বছর পর ১৯৮০ সালে তাঁকে দত্তক হিসেবে নেদারল্যান্ডসে নিয়ে যাওয়া হয়। কাগজপত্র অনুযায়ী তাঁর জন্ম ১৯৭৭ সালে। সঙ্গে ছিলেন একইভাবে মা-বাবার খোঁজে আসা আরেক ডাচ নাগরিক সেলিনা গোমেজ এবং তাঁদের দোভাষী মোহাম্মদ ওমর। রাজীবের ভাষ্য, ১৯৭৪ থেকে ১৯৮০ সালের মধ্যে বাংলাদেশ থেকে বহু শিশুকে দত্তক হিসেবে ইউরোপের বিভিন্ন দেশে নেওয়া হয়েছিল; নেদারল্যান্ডসে যাওয়া শিশুর সংখ্যা প্রায় ৪৮৭। তবে সবাই সরকারি নথিতে নিবন্ধিত ছিলেন না; তিনি ও সেলিনাও নিবন্ধিত ছিলেন না বলে তাঁদের দাবি।
রাজীব বলেন, ‘আমার হৃদয়ে একটা শূন্যতা রয়ে গেছে। প্রতিদিন আয়নায় তাকালে মনে হয়, আমি আসলে কে? আমি আমার পরিবারকে খুব মিস করি।’ ২০১৫ সাল থেকে তিনি বাংলাদেশে আসছেন এবং এ পর্যন্ত কুমিল্লা ও আশপাশের এলাকায় ছয়বার এসেছেন। কাগজপত্রে তাঁর জন্মস্থান হিসেবে বর্তমান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের পেয়ারাকান্দির নাম আছে, যা ১৯৮০ সালের দিকে কুমিল্লা জেলার অংশ ছিল। তবে দত্তক প্রক্রিয়ায় ভুয়া নাম-ঠিকানা ব্যবহার হয়ে থাকতে পারে বলে তিনি ঠিকানাটি নিয়ে সংশয়ে আছেন।
একবার এক ব্যক্তি তাঁকে জানিয়েছিলেন, একজন মানুষ তাঁর জন্মদাতা বাবা হতে পারেন। ডিএনএ পরীক্ষাও করানো হয়েছিল, কিন্তু ফলাফলে বাবা-সন্তানের সম্পর্ক মেলেনি। এতে হতাশ হলেও রাজীব বলেন, ‘আশা ছাড়িনি। প্রতি দুই বছর পরপর ফিরে আসার চেষ্টা করেছি। যত দিন না মা-বাবাকে খুঁজে পাচ্ছি, তত দিন চেষ্টা চালিয়ে যাব।’ লিফলেটে তিনি শৈশব ও বর্তমানের ছবি এবং যোগাযোগের ফোন নম্বর ও ই-মেইল ঠিকানা দিয়েছেন।
বৃহস্পতিবার ঝাউতলা ও পুলিশ লাইনস এলাকায় লিফলেট বিতরণ শেষে রাজীব ও সেলিনা কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে যান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজীব মাহমুদ জানান, কাগজপত্রে জন্মস্থান নবীনগরের পেয়ারাকান্দি উল্লেখ থাকার কথা জানার পর তিনি সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন এবং পরিবারের সন্ধান পেতে সহযোগিতার চেষ্টা করছেন।