রাজধানীর সূত্রাপুরে কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন ছাত্রদল সদস্য ও কলেজের এক কর্মচারী আহত হয়েছেন। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত এই কলেজে তখন অনার্স প্রথম বর্ষের পরীক্ষা চলছিল।
রোববার (২২ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন কলেজের ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রিমন আলী এবং কলেজের মালি জাহাঙ্গীর (৪৫)। জাহাঙ্গীরকে গুরুতর আহত অবস্থায় পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের নেতৃত্বে একটি মিছিল বের হওয়ার কথা থাকায় পুলিশ ও এসআরবি সদস্যরা সড়ক ফাঁকা রাখার নির্দেশ দিচ্ছিলেন। মিছিলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে অতিক্রম করার কয়েক মিনিট পরই কলেজের ফটকের সামনে বিস্ফোরণ ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের এক শিক্ষার্থী বলেন, ঘটনার সময় বাহাদুর শাহ পার্কের সামনে পুলিশ ছিল। ককটেলটি ওই দিক থেকে আসতে পারে, আবার কলেজের ছাদ থেকেও ছোড়া হতে পারে। হঠাৎ বিস্ফোরণে তাঁরা কিছুই বুঝতে পারেননি। আরেক শিক্ষার্থী শরীফ হোসেন জানান, প্রথমে তাঁরা ভেবেছিলেন কোনো গাড়ির চাকা ফেটেছে; দ্বিতীয় বিস্ফোরণের পর বিষয়টি বুঝতে পারেন। তখনই জানা যায়, কলেজের একজন শিক্ষার্থী ও একজন কর্মচারী আহত হয়েছেন।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ঘটনার বিস্তারিত এখনো জানা যায়নি। বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। কে বা কারা ককটেল ছুড়েছে এবং এর কারণ কী, তা এখনো নিশ্চিত নয়।