শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে পাঠানো চিঠিটি তাঁর নিজের আবেদন ছিল না বলে জানিয়েছেন দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান। চিঠিটিকে ‘আবেদন’ হিসেবে প্রচার করায় দেশের গণমাধ্যমের তথ্য যাচাইয়ের দুর্বলতা প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে সাইদুর রহমান জানান, ৯ নভেম্বর লন্ডনভিত্তিক আইন প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষে ব্রিটিশ আইনজীবী স্টিভেন পাউলস কেসি হাইকমিশনে চিঠিটি পাঠান। নিজেকে শেখ হাসিনার আইনি পরামর্শদাতা পরিচয় দিয়ে তিনি লেখেন, আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল হয়েছে বলে তাঁরা জেনেছেন; তাই নতুন করে সেগুলো ইস্যু, দ্রুত প্রক্রিয়াকরণ এবং প্রয়োজনীয় নথিপত্রের বিষয়ে জানানোর অনুরোধ করা হয়।
প্রেস মিনিস্টারের ভাষ্য, ওই চিঠিতে শেখ হাসিনা নিজে আবেদন করেছেন—এমন কিছু উল্লেখ ছিল না। তবু দেশের বিভিন্ন গণমাধ্যম ‘পাসপোর্টের জন্য হাসিনার আবেদন’ শিরোনামে খবর প্রকাশ করেছে।
তিনি দাবি করেন, সোমবার সকাল সাড়ে ৯টায় চিঠি হাতে পাওয়ার আগেই কয়েকজন সাংবাদিক তাঁকে একটি বিদেশি সংবাদ সংস্থার প্রকাশিত খবরের লিংক পাঠান, যার ভিত্তিতে পরে দেশের বিভিন্ন মাধ্যমে প্রায় একই শিরোনামে খবর ছাপা হয়। যাচাই ছাড়া চটকদার শিরোনাম গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতার জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর বলে মন্তব্য করেন তিনি।
সাইদুর রহমান আরও বলেন, আদালতে দণ্ডিত কোনো ব্যক্তি পাসপোর্ট পাওয়ার যোগ্য কি না, সে বিষয়ে সরকার আগেই ব্যাখ্যা দিয়েছে এবং বন্দী বিনিময়ের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রচেষ্টা অব্যাহত আছে। তাঁর দাবি, ম্যাট্রিক্স চেম্বার্স গত ১৫ মাসে আন্তর্জাতিক পরিসরে পাঁচবার বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কাজ করেছে, যার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়ার বিরোধিতা রয়েছে।