চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বাড়িটির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে এ ঘটনা ঘটে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, কে বা কারা বাড়ির নিচতলার পরিত্যক্ত কক্ষে আগুন লাগিয়ে দিয়েছে। বাড়িটির আশপাশে পুলিশের নিয়মিত টহল ছিল। হঠাৎ আগুন দেখতে পেয়ে পুলিশ সদস্যরা এগিয়ে যান এবং আগুন নিভিয়ে ফেলেন। ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করে দেখছে পুলিশ।
ওসি আরও জানান, ভবনটির নিচতলায় কেউ থাকেন না, সেটি পরিত্যক্ত অবস্থায় আছে। দ্বিতীয় ও তৃতীয় তলায় অধ্যাপক ইউনূসের দুই ভাইয়ের পরিবার বসবাস করে। ঘটনার পর বাড়ির আশপাশে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
অধ্যাপক ইউনূসের মূল পৈতৃক বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে। তাঁর বাবা ছিলেন ব্যবসায়ী; সেই সূত্রে চট্টগ্রাম শহরের পাঁচলাইশে এই বাড়ি করা হয়। অধ্যাপক ইউনূসের শৈশব ও কৈশোর কেটেছে এই বাড়িতে।
কয়েক দিন আগে চট্টগ্রামের আনোয়ারা ও সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দেয় দুর্বৃত্তরা। সম্প্রতি দেশের আরও কয়েকটি জায়গায়ও গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গত সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে একজন সাংবাদিক এ প্রসঙ্গে প্রশ্ন করলে মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক বলেন, সহিংসতার সব ঘটনাই বাংলাদেশের জাতীয় কর্তৃপক্ষের পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত। তিনি আরও বলেন, বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার আছে, তবে সেই বিক্ষোভ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে।