কুমিল্লা আদর্শ সদর উপজেলার একটি বাজারে চুরির অভিযোগে ১১ বছর বয়সী এক শিশুকে প্রায় ১৩ ঘণ্টা শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগে এক চা-দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় শিশুটির মাথার চুলও এবড়োখেবড়ো করে কেটে দেওয়া হয়।
গত রোববার দিবাগত রাত থেকে সোমবার বিকেল চারটা পর্যন্ত শিশুটিকে বৈদ্যুতিক খুঁটিতে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, শিশুটি বাজারের এক পাশে ঘাসের ওপর বসে আছে, তার ডান পায়ে লোহার শিকল। শিশুটি জানায়, দোকান থেকে চুরির অভিযোগে আগের রাত থেকে তাকে সেখানে বেঁধে রাখা হয়েছে।
সোমবার দিবাগত রাতে শিশুটির মা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। মামলায় বাজারের চা-দোকানি বাবুল হোসেন (৪৯) ও তাঁর ভাতিজা সায়মন হোসেনের (২০) নাম আছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার বাবুল হোসেনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এজাহারে মা উল্লেখ করেন, আগের রাতে তাঁর ছেলে ও তার এক বন্ধুর (১১) বিরুদ্ধে বাবুলের চায়ের দোকানে চুরির অভিযোগ তোলা হয়। দোকানে বাজার সমিতির জমা রাখা ৪৪ হাজার টাকা খোয়া গিয়েছিল বলে অভিযোগ। জিজ্ঞাসাবাদে শিশুরা টাকা নেওয়ার কথা স্বীকার করে এবং তাঁর ছেলের কাছ থেকে ২০ হাজার টাকা ফেরত নেওয়া হয়। এরপর বাবুলসহ অন্যরা শিশুটিকে শিকলে বেঁধে রাখেন এবং সায়মন তার চুল কেটে দেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, শিশুটি চুরি করে থাকলেও তাকে আইনের হাতে তুলে দেওয়া উচিত ছিল, কিন্তু তাঁরা নিজেরাই আইন হাতে তুলে নিয়েছেন। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে তিনি জানান।