বরিশালের উজিরপুর উপজেলা ভূমি কার্যালয়ে ঘুষ লেনদেনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই কর্মচারীকে প্রত্যাহার করা হয়েছে এবং সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের চুক্তিভিত্তিক এক গাড়িচালককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গত রোববার ভিডিও ধারণকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে আটকে রেখে মারধর করার ঘটনা ঘটে। এর পরই এ ব্যবস্থা নেওয়া হয়। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা ও সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুন।
প্রত্যাহার হওয়া দুজন হলেন শিকারপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক সানজিদা আক্তার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্টিফিকেট সহকারী সুরাইয়া আক্তার। তাঁদের বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। চুক্তিভিত্তিক গাড়িচালক রাসেল মৃধাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
প্রশাসনের কর্মকর্তারা কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। ঘুষ লেনদেনের অভিযোগের বিষয়ে আরও তদন্ত হবে কি না, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।