রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ঢাকা কলেজ ক্যাম্পাসে জুলাই বিপ্লবের স্মৃতিবিজড়িত গ্রাফিতি সাদা রং দিয়ে মুছে ফেলার অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। তবে বিষয়টি আগে থেকে জানতেন না বলে দাবি করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।
শুক্রবার সরেজমিনে দেখা যায়, কলেজের নায়েমের গলিসংলগ্ন দেয়ালে দুই বছরেরও বেশি আগে জুলাই বিপ্লবের সময় আঁকা গ্রাফিতিগুলো সাদা রং দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। মিরপুর রোডসংলগ্ন কলেজের সামনের অংশের গ্রাফিতিও মুছে ফেলা হয়েছে।
তখনকার গ্রাফিতি অঙ্কনের নেতৃত্ব দেওয়া সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা কলেজ শাখার সভাপতি নাহিয়ান রেহমান রাহাত ক্ষোভ প্রকাশ করে বলেন, কলেজ প্রশাসন জুলাইয়ের স্মৃতির বিরুদ্ধে অগণতান্ত্রিক দৃষ্টান্ত স্থাপন করেছে; তবে জুলাইয়ের স্মৃতি, সংগ্রাম ও আকাঙ্ক্ষা কোনোভাবেই মুছে ফেলা যাবে না।
অধ্যক্ষ ইলিয়াস বলেন, জুলাইয়ের স্মৃতির ব্যাপারে তাঁদের কোনো নেতিবাচক নির্দেশনা নেই। পুনরায় গ্রাফিতি আঁকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মুছে ফেললে সেটা আবার লিখে দিতে হবে।
এদিকে গ্রাফিতি মুছে ফেলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইনকিলাব মঞ্চ ঢাকা কলেজ শাখা। মুছে ফেলা গ্রাফিতি দ্রুত পুনরুদ্ধারসহ চার দফা দাবিও জানিয়েছে সংগঠনটি। ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কলেজের সাবেক শিক্ষার্থী ও শিক্ষক এবং রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা রয়েছে।