সিলেটের জকিগঞ্জ উপজেলায় সুরমা ও কুশিয়ারা নদীর ভাঙনে নদীতীরের জনপদ বিপন্ন হয়ে পড়েছে। মাত্র ১০ দিনের ব্যবধানে তিনটি আলাদা স্থানে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। কোথাও বন্যা প্রতিরক্ষা ডাইক বিলীন হয়েছে, কোথাও সড়ক ধসে যোগাযোগ ব্যাহত হয়েছে, আবার কোথাও বসতভিটা ও কৃষিজমি হারানোর আশঙ্কা তৈরি হয়েছে।
গত ৫ নভেম্বর সুরমা নদীর ভাঙনে ৩ নম্বর কাজলসার ইউনিয়নের আটগ্রাম চারিগ্রাম (নালুহাটি) গাংপারে প্রায় ২০০ ফুট প্রধান বন্যা প্রতিরক্ষা ডাইক নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে আশপাশের শত শত বসতবাড়ি, আবাদি জমি ও মানুষের জীবিকা হুমকিতে পড়েছে। আরেক স্থানে ভূমি ধসে নদীতীরের সড়কের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে যানবাহন স্বাভাবিকভাবে চলছে না। সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা কুতবুল আলম বলেন, পুরো রাস্তা নদীতে বিলীন হয়ে গেছে, মানুষের চলাচলের পথ নেই; নতুন বেড়িবাঁধ নির্মাণ জরুরি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ জানান, বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে।
জকিগঞ্জ সদর ইউনিয়নের ভাখরশালে কুশিয়ারার ভাঙন নতুন করে ভয়াবহ হয়েছে। ১১ নভেম্বর প্রায় আধা কিলোমিটার এলাকায় বড় ফাটল দেখা দেয়। মাত্র তিন মাস আগে সেখানে ভাঙন ঠেকাতে কাজ হলেও আবার বসতভিটা, কৃষিজমি, মসজিদ ও কবরস্থান হারানোর শঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, ভাঙনে বাংলাদেশের প্রায় আধা কিলোমিটার ভূখণ্ড নদীর ওপারে ভারতের দিকে চলে গেছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমদ বলেন, সামান্য মাটি ফেলে বাঁধ মেরামতে স্থায়ী সমাধান হচ্ছে না; এবার প্রায় এক কিলোমিটার জুড়ে ফাটল দেখা দিয়েছে, সময়মতো ব্যবস্থা না নিলে আগামী বর্ষায় বড় ক্ষতির আশঙ্কা রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, কুশিয়ারার ডান তীরে জকিগঞ্জে ৪১ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে; কোথাও বাঁধ জমির সঙ্গে মিশে গেছে, কোথাও উঁচু করা দরকার। কানাইঘাট ও জকিগঞ্জে ২৭৩ কোটি টাকা ব্যয়ে প্রায় ৫.১৭৫ কিলোমিটার তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়নাধীন, যার ১৭টি অতিঝুঁকিপূর্ণ স্থানের ১৩টি জকিগঞ্জে এবং চারটি কানাইঘাটে। তবে স্থানীয়দের অভিযোগ, বহু ঝুঁকিপূর্ণ স্থানে এখনো স্থায়ী প্রতিরক্ষা গড়ে ওঠেনি। এলাকাবাসীর দাবি, সাময়িক মেরামতের বদলে স্থায়ী ব্লক ও প্রতিরক্ষা বাঁধ, ক্ষতিগ্রস্ত সড়কের পুনর্নির্মাণ এবং গৃহহীন পরিবারের পুনর্বাসন নিশ্চিত করতে হবে।