দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের আইনি লড়াই শেষে রাজধানীর মতিঝিলে প্রধান কার্যালয়ের জন্য কেনা ভবনের দখল বুঝে পেয়েছে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক। আদালতের চূড়ান্ত রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে আইনানুগ প্রক্রিয়ায় ব্যাংক কর্তৃপক্ষ ভবনটির দখল গ্রহণ করে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহযোগিতা করে। মহানগর বাণিজ্যিক আদালত-২-এর প্রতিনিধিরা উপস্থিত থেকে প্রয়োজনীয় উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করেন এবং পরে ব্যাংক কর্তৃপক্ষের কাছে ভবনের দখল হস্তান্তর করা হয়।
ব্যাংক সূত্র জানায়, প্রধান কার্যালয়ের জন্য মতিঝিলে নিজস্ব ভবন নির্মাণ ও ক্রয়ের লক্ষ্যে ২০১০ সালে জমির মালিকের মালিকানাধীন নির্মাতা প্রতিষ্ঠান বিজনেস রিসোর্সেস লিমিটেডের সঙ্গে চুক্তি করে ব্যাংকটি। চুক্তি অনুযায়ী ২০১৩ সালের সেপ্টেম্বরের মধ্যে নির্মাণ শেষ করে ব্যবহার-উপযোগী অবস্থায় মালিকানা দলিলসহ ভবন হস্তান্তরের কথা ছিল। ভবনের নিচতলা থেকে ১২তলা পর্যন্ত মোট ৫১ হাজার ৫০০ বর্গফুট জায়গা ব্যাংকের জন্য নির্ধারিত ছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ভবন হস্তান্তর করা হয়নি। এ পরিস্থিতিতে ব্যাংকের স্বার্থ ও আইনগত অধিকার রক্ষায় তারা আদালতের শরণাপন্ন হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট মামলায় আদালতের রায় ও আদেশ ব্যাংকের অনুকূলে আসে।
ব্যাংকের টাইটেল এক্সিকিউশন মামলা নম্বর ৬৯/২০২৬-এর পরিপ্রেক্ষিতে গত ৯ নভেম্বর ঢাকা মহানগর বাণিজ্যিক আদালত-২-এর অতিরিক্ত জেলা জজের স্বাক্ষরিত এক আদেশে ব্যাংকের অনুকূলে ভবনটির দখল প্রদানের নির্দেশ দেওয়া হয়। সেই আদেশের ভিত্তিতেই মঙ্গলবার আদালতের প্রতিনিধিদের মাধ্যমে দখল বুঝে নেওয়ার কার্যক্রম সম্পন্ন হয়।
দখল হস্তান্তরের সময় ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবু মো. মোফাজ্জেল, উপব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র দাসসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। আবু মো. মোফাজ্জেল দীর্ঘ আইনি লড়াইয়ের পর ভবনের দখল বুঝিয়ে দেওয়ায় আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ভবনের অসম্পূর্ণ নির্মাণকাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হবে। এরপর সেখানে প্রধান কার্যালয়ের কার্যক্রম চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে ব্যাংকের আর্থিক সাশ্রয় হবে।