প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, বিদেশি ঋণ পরিশোধে এখন বছরে সাড়ে ৪ বিলিয়ন ডলার খরচ হচ্ছে। ২০৩০ সাল নাগাদ এ খাতে সাড়ে ৭ বিলিয়ন ডলার প্রয়োজন হতে পারে।
মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ের রাজস্ব ভবনে রাজস্ববিষয়ক কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সে সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিব উপস্থিত ছিলেন।
রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ নিয়ে কথা বলতে গিয়ে উপদেষ্টা বলেন, সামনে দুটি বড় চ্যালেঞ্জ আছে। একটি হলো মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাতে রাজস্ব আদায় তলানিতে থাকা। অন্যটি, বিদেশি ঋণের বোঝা বাড়তে থাকা। তাঁর ভাষ্য, গত এক দশকে এই ঋণের বোঝা ৩০০ শতাংশ বেড়েছে।
চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি সাড়ে ৬ শতাংশ হতে পারে বলে মনে করেন তিনি। তবে সংস্কার না করা হলে প্রবৃদ্ধি কমতে পারে বলে আশঙ্কা করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। উপদেষ্টা বলেন, সরকার নানামুখী সংস্কার উদ্যোগ এগিয়ে নিচ্ছে। এনবিআর সংস্কার নিয়ে গঠিত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে এবং শুল্ক-করসংক্রান্ত নীতি বিভাগ আলাদা করার সুপারিশ করা হয়েছে।
উন্নয়ন সহযোগী সংস্থাগুলো অবশ্য চলতি অর্থবছরের পূর্বাভাস কমিয়ে বলেছে। আইএমএফের পূর্বাভাস ৩ দশমিক ২ শতাংশ এবং বিশ্বব্যাংকের ৩ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি।
রাজস্ব আদায়ের তথ্য নিয়মিত প্রকাশ না করার বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, ডিসেম্বর মাস থেকে রাজস্ব আদায়ের তথ্য নিয়মিত প্রকাশ করা হবে; ক্রমান্বয়ে রাজস্ব আদায় আরও বাড়বে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। আইএমএফের ঋণের শর্ত নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি নিয়ে টেকনিক্যাল কমিটি আলোচনা করছে এবং পরে আইএমএফ মিশন দেশে এলে নীতিনির্ধারক পর্যায়ে আলোচনা হবে।