বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৫ বছরে ৩১৬ জন নিহত, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রশ্নোত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পার্বত্য অঞ্চলে ৩৭২টি হামলায় নিহতদের মধ্যে আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য; ‘অপারেশন উত্তরণ’ চলছে।

গত পাঁচ বছরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর আক্রমণে নিরাপত্তা বাহিনীর আটজন সদস্যসহ মোট ৩১৬ জন নিহত হয়েছেন। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বিএনপির সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরের প্রশ্নের জবাবে এ তথ্য জানান সংসদকার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, এই সময়ে নিরাপত্তা বাহিনীসহ পাহাড়ি ও বাঙালিদের ওপর মোট ৩৭২টি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে বাঙালি জনগোষ্ঠীর ওপর ১৯৪টি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর ৮১টি এবং নিরাপত্তা বাহিনীর ওপর ৯৭টি হামলা হয়েছে। বেসামরিক নাগরিকদের মধ্যে নিহত হয়েছেন ৩০৮ জন ও আহত ৪৩৫ জন। নিরাপত্তা বাহিনীর আটজন সদস্য নিহত ও ৫৫ জন আহত হয়েছেন।

একই সময়ে অপহরণের ঘটনা ঘটেছে ২৯৭টি, জোরপূর্বক চাঁদা আদায়ের ঘটনা ৪৭১টি এবং অবৈধ অস্ত্র ব্যবহারের ঘটনা ৩৭৭টি বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, তিন পার্বত্য জেলায় শান্তি-শৃঙ্খলা রক্ষা, অবৈধ সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা দমন এবং সব সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার আইনগত, প্রশাসনিক ও নিরাপত্তামূলক নানা পদক্ষেপ নিয়েছে। সশস্ত্র তৎপরতা দমনে সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন উত্তরণ’ চলমান রয়েছে। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে বলে তিনি জানান। মন্ত্রীর ভাষ্য, ধারাবাহিক যৌথ অভিযানে বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠীর শত শত সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রশ্ন তোলার সময় জিন্নাহ কবীর বলেন, পার্বত্য চট্টগ্রামে প্রায়ই অস্ত্রের ঝনঝনানি শোনা যাচ্ছে এবং অবৈধ অস্ত্রধারীরা সেনাবাহিনী ও সাধারণ নাগরিকের ওপর হামলা চালাচ্ছে। সম্পূরক প্রশ্নে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম দাবি করেন, প্রতিবেশী কয়েকটি রাষ্ট্রের উসকানি ও মদদে সশস্ত্র গোষ্ঠীগুলো হামলা চালাচ্ছে এবং তাদের হাতে অত্যাধুনিক অস্ত্র আছে।

সাজেক ভ্যালির বিষয়ে মন্ত্রী বলেন, প্রতিটি পর্যটন মৌসুমের আগে নিয়ন্ত্রণ ধরে রাখতে সেখানে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব তৈরি হয়। সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক নেতৃত্বের সমন্বয়ে পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সামাল দেওয়া হয়েছে এবং সেখানে এখন পরিস্থিতি স্থিতিশীল বলে তিনি জানান।