মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

ইনানীতে চারতলা বে হিলটন বিচ রিসোর্ট গুঁড়িয়ে দিল কউক; মেরিন ড্রাইভে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

টুপটুপ রিসোর্টে পর্যটকদের মৃত্যুর পর কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ এলাকায় শুরু হওয়া অভিযানের প্রথম দিনে ভাঙা হয়েছে প্রায় ছয় কোটি টাকায় নির্মিত চারতলা রিসোর্ট।

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে পর্যটকদের মর্মান্তিক মৃত্যুর পর মেরিন ড্রাইভ এলাকায় অবৈধ স্থাপনার বিরুদ্ধে সমন্বিত অভিযান শুরু হয়েছে। অভিযানের প্রথম দিন সোমবার ইনানী সমুদ্রসৈকতসংলগ্ন নবনির্মিত চারতলা বে হিলটন বিচ রিসোর্ট ভেঙে দিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)।

সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন কউকের প্রধান নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম। উখিয়া উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) আবু আব্দুল্লাহসহ জেলা প্রশাসন, পুলিশ, এসআরবি, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর ও আনসার বাহিনীর সদস্যরা অংশ নেন। ভবনটি ইনানী নৌবাহিনীর জেটির কাছে দুটি তারকা হোটেলের মাঝামাঝি জায়গায় ছিল।

বেলা ১১টার দিকে ভবনের সামনে খননযন্ত্র আনা হয়। দুপুরে ভবনের নিচে ও দুই পাশে থাকা ১০ থেকে ১২টি দোকানঘর গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর চারতলা ভবনের কাচ ভাঙা হয় এবং মূল ভবনের পিলার ভাঙার কাজ শুরু হয়।

কউকের কর্মকর্তারা জানান, অবৈধভাবে নির্মিত ভবনটি নিজ উদ্যোগে সরিয়ে নিতে মালিকপক্ষকে চারবার নোটিশ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ভবনের মালিক শহিদুল হকের দাবি, ২০১৪ সালে ইউনিয়ন পরিষদের অনুমতি নিয়ে নির্মাণ শুরু হয়েছিল এবং ছয় কোটি টাকার মতো খরচ হয়েছে। তিনি বলেন, ‘চারটি নোটিশেরই জবাব দিয়েছি। ভবন নির্মাণের বিপরীতে কাগজপত্রও আছে, কিন্তু কেউ তা আমলে নিচ্ছে না।’

কউক চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ জসিম উদ্দিন বলেন, ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভে প্রায় ২০০টি রিসোর্ট, কটেজ ও রেস্তোরাঁ রয়েছে, যার বেশির ভাগ কাঠ ও বাঁশের তৈরি এবং কোনোটিরই অনুমোদন নেই। বারবার নোটিশের পরও স্থাপনা না সরানোয় যৌথ অভিযান চালানো হচ্ছে। মেরিন ড্রাইভে কোনো অবৈধ স্থাপনা রাখতে দেওয়া হবে না বলে জানান তিনি।