শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

কটিয়াদীতে ছেলের ওপর হামলার মামলা নিয়ে উত্তেজনা: ওসির বিরুদ্ধে অভিযোগ আখতারুজ্জামানের, তাঁকে ‘সংযত হতে’ বললেন বিএনপি নেতারা

মামলায় বিএনপির নেতা-কর্মীদের আসামি করা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য; ওসি অভিযোগ অস্বীকার করে প্রমাণ চেয়েছেন।

কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামানের ছেলের ওপর হামলার মামলায় বিএনপির নেতা-কর্মীদের আসামি করা নিয়ে স্থানীয় রাজনীতিতে আবার উত্তাপ ছড়িয়েছে। আখতারুজ্জামান ও উপজেলা বিএনপির নেতারা পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন।

কটিয়াদীর গচিহাটা কলেজ মাঠে ৪ নভেম্বর সন্ধ্যায় কয়েকজন যুবক আড্ডা দিচ্ছিলেন। মাদক সেবনের সন্দেহে তাঁদের গালমন্দ করেন আখতারুজ্জামানের বড় ছেলে শাহরিয়ার জামান (৫০)। অভিযোগ অনুযায়ী এ ঘটনায় শাহরিয়ারকে মারধর ও ছুরিকাঘাত করা হয়। ১২ জনকে আসামি করে শাহরিয়ারের চাচা মিজানুর রহমানের করা অভিযোগটি ৬ নভেম্বর মামলা হিসেবে নথিভুক্ত হয়। মামলার ১২ নম্বর আসামি লিমন মিয়াকে পুলিশ গ্রেপ্তার করেছে। আসামিদের মধ্যে অন্তত ছয়জন বিএনপি নেতা রয়েছেন।

কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের দাবি, আসামিদের মধ্যে তিনজন ছাড়া অন্যদের ঘটনার সঙ্গে সম্পৃক্ততা নেই এবং রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপির নেতা-কর্মীদের মামলায় জড়ানো হয়েছে। গত শনিবার তোফাজ্জল হোসেন ও পরদিন আরিফুল ইসলাম ফেসবুক লাইভে এসে আখতারুজ্জামানকে সংযত থাকার আহ্বান জানান। তোফাজ্জল হোসেন বলেন, যাঁরা অন্যায়ের সঙ্গে জড়িত, তাঁদের বিচার হোক; কিন্তু এ ঘটনায় বিএনপির নাম আসছে কেন। তিনি অভিযোগ করেন, তুচ্ছ ঘটনাকে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে।

গত সোমবার ফেসবুক লাইভে আখতারুজ্জামান বলেন, তাঁর বা পরিবারের কারও ওপর হামলা বা অপ্রীতিকর ঘটনা ঘটলে এর দায় কটিয়াদী থানার ওসি রফিকুল ইসলামকে নিতে হবে। তিনি দাবি করেন, থানা থেকে একজন ফোন করে তাঁকে জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে বিএনপির নেতাদের দিয়ে ওসি মামলা করাচ্ছেন। এর আগে ছেলের ওপর হামলার মামলা করতে বিলম্ব ও এজাহার থেকে কয়েকজনের নাম বাদ দেওয়ার চেষ্টা নিয়ে ওসির সঙ্গে আখতারুজ্জামানের বিরোধ তৈরি হয়েছিল বলে জানা গেছে।

ওসি রফিকুল ইসলাম আখতারুজ্জামানের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে তাঁর অবস্থান কটিয়াদীর মানুষ জানেন; তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ চান তিনি।

কটিয়াদী উপজেলা জামায়াতের আমির মোজাম্মেল হক বলেন, ঘটনার কয়েক দিন পর বিএনপি নেতারা মুখ খুলছেন, এর পেছনে রহস্য আছে। তাঁর মতে, জামায়াতে যোগ দেওয়ার পর আখতারুজ্জামানের রাজনৈতিক ও সামাজিক অবস্থান দৃঢ় হয়েছে, যা বিএনপির লোকজন মেনে নিতে পারছেন না। ৬ নভেম্বর জামায়াতের সংবর্ধনা অনুষ্ঠানে আখতারুজ্জামান ছেলের ওপর হামলাকারীদের ক্ষমা করার ঘোষণা দিয়েছিলেন; জেলা বিএনপির সাধারণ সম্পাদকের মন্তব্য, ‘ক্ষমা করেছেন মুখে মুখে, মামলা তো আর উঠে যায়নি।’