কাপ্তাই হ্রদের পানি সময়মতো না কমায় রাঙ্গামাটির লংগদু উপজেলার হাজারো কৃষকের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। বোরো ধান, সরিষা ও তরমুজসহ বিভিন্ন মৌসুমি ফসলের আবাদ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তাঁরা। দ্রুত পানি না কমলে চলতি মৌসুমে ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। গত বছরও একই পরিস্থিতিতে এ অঞ্চলের অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছিলেন।
সরেজমিনে জানা গেছে, কাপ্তাই হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল (মিন সি লেভেল) এবং বিপদসীমা ১০৮ ফুট। পানি কমতে থাকায় হ্রদের বিভিন্ন জায়গায় চর জেগে উঠলে কৃষকেরা নতুন মৌসুমের চাষের প্রস্তুতি নিতে থাকেন। কিন্তু গত সপ্তাহে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে হ্রদের পানি আবারও প্রায় এক ফুট বেড়ে যায়। এতে বিভিন্ন এলাকার বীজতলা পানিতে তলিয়ে গেছে এবং চাষাবাদ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।
উপজেলার সোনারগাঁও ও ডিপুরমুখ এলাকার তরমুজ চাষিরা জানান, তাঁরা ঋণ ও ধারদেনা করে চাষে নেমেছেন। কেউ দুই থেকে তিন লাখ টাকায় জমি ভাড়া নিয়েছেন, কেউ আড়ত থেকে এক-দুই লাখ টাকা অগ্রিম নিয়েছেন। এখন পানি বেড়ে বীজতলা নষ্ট হওয়ায় তাঁরা দিশেহারা। কৃষকেরা হ্রদের পানি আরও অন্তত পাঁচ ফুট কমানোর দাবি জানিয়েছেন।
লংগদু উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান বলেন, গত বছরও অনেক কৃষক হ্রদের পানির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। আগামী কয়েক দিনের মধ্যে পানি না কমলে এবারও তাঁদের বড় বিপাকে পড়তে হবে। ইতিমধ্যে অনেক কৃষক সরিষা ও বোরোসহ বিভিন্ন ফসলের বীজতলা প্রস্তুত করতে পারেননি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, হ্রদের পানি কমানোর বিষয়টি এখন আর তাঁদের নিয়ন্ত্রণে নেই; যেভাবে কমছে, সেভাবেই কমতে থাকবে। তাঁর তথ্য অনুযায়ী, গত বছর এই সময়ে হ্রদের পানির উচ্চতা ছিল ১০৬ ফুট, এখন তা ১০০ ফুট এমএসএল। রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, হ্রদের পানি দ্রুত কমে যাবে। বৃষ্টির কারণে পানি বেড়ে যাওয়ার বিষয়টি তিনি সদ্য জেনেছেন এবং এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।