রাজধানীর বাড্ডার মেরুল এলাকায় বৃহস্পতিবার রাতে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী চলন্ত বাসে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাসিরুল আমীন জানান, রাত ১০টার দিকে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সামনের সড়কে চলন্ত বাসটির পেছনের অংশে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় চালক বাস থামান এবং যাত্রীরা দ্রুত নিরাপদে নেমে যেতে সক্ষম হন। বাসে তখন ১০ থেকে ১৫ জন যাত্রী ছিলেন বলে ওসি জানান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। তবে এর আগেই বাসের সব আসন পুড়ে যায়। ওসি বলেন, এ ঘটনায় বাড্ডা থানায় মামলার প্রক্রিয়া চলছে এবং অগ্নিসংযোগকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
বৃহস্পতিবার রাতে রাজধানীতে আরও দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সন্ধ্যার দিকে পল্লবীতে পার্ক করা একটি বাসে আগুন দেওয়া হয়। মধ্যরাতে পল্লবীর কালশী রোডে একটি চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এই দুই ঘটনাতেও কেউ হতাহত হননি বলে জানা গেছে।