বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ডের ডেপুটি মেয়রের সৌজন্য সাক্ষাৎ, রাজশাহীর পরিচ্ছন্নতার প্রশংসা

নগর ভবনে বৈঠকে শিক্ষা, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি ও এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনাসহ নানা বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র শার্লট বেকম্যান ফিনস্ট্যাড। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নগর ভবনে প্রশাসকের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়।

বৈঠকে রাজশাহী ও ক্রিস্টিয়ানস্যান্ড শহরের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্যসেবা, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কল্যাণ, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ট্রাফিক ব্যবস্থাপনা ও নগর উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। দুই শহরের অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সাক্ষাৎকালে গ্রিন ও ক্লিন সিটি হিসেবে রাজশাহীর পরিচ্ছন্নতা ও নগর ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন ক্রিস্টিয়ানস্যান্ডের ডেপুটি মেয়র। দুই শহরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কাজ করার বিষয়ে উভয় পক্ষই আশাবাদ প্রকাশ করে।

বৈঠক শেষে রাসিক প্রশাসক ও অতিথি ডেপুটি মেয়র একে অপরকে শুভেচ্ছা স্মারক দেন।

এ সময় ডেপুটি মেয়রের উপদেষ্টা ওডা ওলাইন ওমডাল, ক্রিস্টিয়ানস্যান্ড–রাজশাহী ফ্রেন্ডশিপ কমিটির সভাপতি ড্যাগ কিউলফভিগে, ক্রিস্টিয়ানস্যান্ড সিটি স্কুলের জ্যেষ্ঠ উপদেষ্টা জন আইনার কোভাম এবং স্ট্রমী ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজশাহী–ক্রিস্টিয়ানস্যান্ড ফ্রেন্ডশিপ কমিটির সভাপতি ড. শিখা বিশ্বাস ও সাধারণ সম্পাদক প্রকৌশলী লুৎফর রহমানও ছিলেন। রাসিকের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ এ এম আঞ্জুমান আরা বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।