বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

নতুন মজুরি ঘোষণার নির্দিষ্ট তারিখের প্রতিশ্রুতি নেই, তবে কার্যকর হবে ১ ডিসেম্বর থেকেই: মজুরি বোর্ড চেয়ারম্যান

পোশাকশ্রমিকদের চলমান অসন্তোষের মধ্যে জরুরি সংবাদ সম্মেলনে বোর্ড চেয়ারম্যান জানান, ঘোষণা যেদিনই হোক বর্ধিত মজুরি ১ ডিসেম্বর থেকে প্রাপ্য হবে।

তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি ঘোষণা যেদিনই হোক, বর্ধিত মজুরি ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তবে ১ ডিসেম্বর নতুন মজুরি ঘোষণার কোনো প্রতিশ্রুতি তিনি দেননি বলেও স্পষ্ট করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে বোর্ডের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

চেয়ারম্যান বলেন, নতুন মজুরি নির্ধারণে আইনগত কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হয়, তাই নির্দিষ্ট কোনো তারিখে ঘোষণা দেওয়া সম্ভব নয়। তাঁর ভাষ্য, ‘আমরা যখনই এটি চূড়ান্ত করতে পারব, গেজেট প্রজ্ঞাপনে উল্লেখ থাকবে যে বর্ধিত মজুরি ২০২৬ সালের ১ ডিসেম্বর থেকে প্রাপ্য হবে।’ এর অর্থ, জানুয়ারির প্রথম সপ্তাহে শ্রমিকেরা বর্ধিত হারে মজুরি পাবেন।

সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান অসন্তোষ এবং বোর্ডের তৃতীয় সভা স্থগিত হওয়া নিয়ে তৈরি বিভ্রান্তি দূর করতে। মজুরি বোর্ড ইতিমধ্যে দুটি সভা করেছে। তৃতীয় সভা সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়; সভার নতুন তারিখ ২৩ নভেম্বর।

বোর্ড চেয়ারম্যান আরও জানান, নতুন মজুরি নির্ধারণের জন্য আইন অনুযায়ী বোর্ড ছয় মাস সময় পায় এবং প্রয়োজন হলে সরকারের কাছ থেকে অতিরিক্ত সময় নেওয়ার সুযোগও আছে। তবে সরকার দ্রুততম সময়ের মধ্যে বিষয়টির সুরাহা চায় এবং বোর্ডও সেই লক্ষ্যেই কাজ করছে।

এর আগে মঙ্গলবারই জাতীয় সংসদে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি জানিয়েছেন, পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর করা হবে এবং শ্রমিকেরা ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন।