দেশের চালু চিনিকল আধুনিকায়ন ও বন্ধ চিনিকলে নতুন উৎপাদনকেন্দ্র স্থাপনে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে জাপানের মারুবেনি করপোরেশন। প্রতিষ্ঠানটি দেশের পশ্চিমাঞ্চলে তিনটি আধুনিক চিনিকল স্থাপন করতে চায়। কয়েকটি চিনিকলে আখ মাড়াইয়ের পাশাপাশি বিদ্যুৎ ও শিল্পে ব্যবহারযোগ্য অ্যালকোহল উৎপাদনের পরিকল্পনাও রয়েছে তাদের।
বিনিয়োগের বিষয়ে মারুবেনি করপোরেশনের একটি প্রতিনিধিদল গতকাল সোমবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) প্রধান কার্যালয়ে সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে উপস্থিত ছিলেন মারুবেনির ব্যবসা উন্নয়ন বিভাগের মহাপরিচালক তোমোইউকি কাকিউচি ও বাংলাদেশে প্রতিষ্ঠানটির কান্ট্রি হেড মানাবু সুগাওয়ারা। বিএসএফআইসির পক্ষে ছিলেন পরিচালক আব্দুল আলীম খান ও তাহমিনা আক্তার।
বৈঠকের পর বিএসএফআইসির চেয়ারম্যান মো. শামসুজ্জামান সাংবাদিকদের জানান, আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। মারুবেনিকে লিখিত প্রস্তাব দিতে বলা হয়েছে। তিনি বলেন, ‘বিনিয়োগসংক্রান্ত লিখিত প্রস্তাবনা দিলে আমরা এটা সক্রিয়ভাবে বিবেচনা করব।’
সংকটে চিনিশিল্প
দেশে বিএসএফআইসির অধীনে মোট ১৫টি চিনিকল রয়েছে। এর মধ্যে ছয়টি পাঁচ বছরের বেশি সময় ধরে বন্ধ, বাকিগুলোর বেশির ভাগই ধুঁকে ধুঁকে চলছে। একসময় ১৫টি চিনিকলের মোট চিনি উৎপাদন সক্ষমতা ছিল দুই লাখ ১০ হাজার টন, যা ধীরে ধীরে কমেছে। ২০২৪–২৫ অর্থবছরে নয়টি চিনিকলে মাত্র ৪৬ হাজার টন চিনি উৎপাদিত হয়।
উৎপাদন কমায় সংস্থাটির লোকসান বেড়েছে। ২০২৪–২৫ অর্থবছরে বিএসএফআইসির মোট লোকসান হয়েছে ৫৫৪ কোটি ৩৬ লাখ টাকা। চালু নয়টি চিনিকলের মধ্যে শুধু কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড লাভ করেছে; ওই অর্থবছরে প্রতিষ্ঠানটির মুনাফা ছিল ৯৭ কোটি ৮ লাখ টাকা।