গত মাসে কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের বিমান হামলায় শীর্ষ হামাস নেতাদের টার্গেট করা হয়। হামাসের নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা তখন গাজায় যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে কাতারের মধ্যস্থতায় বৈঠক করছিলেন। হামলায় দলের কয়েকজন সদস্য নিহত হলেও শীর্ষ নেতারা বেঁচে যান। এতে এক কাতারি নিরাপত্তা কর্মকর্তাও প্রাণ হারান।
ঘটনাটি আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র নতুন করে কাতারের প্রতি নিরাপত্তা প্রতিশ্রুতি জানাল। প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ অনুযায়ী, কাতারের ওপর ভবিষ্যতে কোনো হামলা হলে যুক্তরাষ্ট্র সরাসরি প্রতিরোধ ও পাল্টা সামরিক ব্যবস্থা নেবে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারের এক নাগরিক নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন। তিনি কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল থানির কাছে এ জন্য ক্ষমা চান। হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকে ট্রাম্প ও নেতানিয়াহু যৌথ ফোন কলে কাতারি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন।
ট্রাম্পের এই নতুন পদক্ষেপ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-কাতার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। তবে ইসরায়েলের দোহা হামলা নিয়ে এখনো প্রশ্ন ও উদ্বেগ রয়ে গেছে আঞ্চলিক রাজনীতিতে।