সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

সাভার-আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে ২১ কারখানা বন্ধ, ১৫টিতে ছুটি ঘোষণা

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের চলমান আন্দোলনের জেরে রোববারও শিল্পাঞ্চলে কারখানা বন্ধ ও ছুটির ঘটনা ঘটেছে; পুলিশ বলছে অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ চলছে।

ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রম আইনের ১৩ (১) ধারায় ২১টি কারখানা বন্ধ রয়েছে। ‘কাজ নেই, মজুরি নেই’ (নো ওয়ার্ক, নো পে) নিয়মে এসব কারখানা বন্ধ করায় সংশ্লিষ্ট শ্রমিকেরা এ সময়ের মজুরি পাবেন না। এ ছাড়া কারখানায় এসে কাজ না করায় ১৫টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

রোববার বেলা দেড়টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ–১–এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া এক খুদে বার্তায় এসব তথ্য জানান। তিনি জানান, সকালে শ্রমিকেরা কারখানায় উপস্থিত হলেও কাজ না করায় দুপুর পর্যন্ত ১৫টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের চলমান আন্দোলনের জেরে শিল্পাঞ্চলে এ পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ করছেন শ্রমিকেরা এবং রোববার সকাল থেকে বেলা একটা পর্যন্ত কোথাও বিক্ষোভের খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন কারখানা ও গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা বলছেন, গত কয়েক দিনের তুলনায় শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। বন্ধ বলা হলেও অনেক কারখানায় কাজ চলছে।