দেশে হামের প্রকোপ এখনো থামেনি। স্বাস্থ্য অধিদপ্তরের বুধবার বিকেলের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪১২ শিশু।
অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। দুজনেরই মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে।
গত ২৪ ঘণ্টায় ৯০ শিশুর শরীরে হাম নিশ্চিত হয়েছে, আর হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা ১ হাজার ৩২২। একই সময়ে ১ হাজার ১৯২ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, ছাড়পত্র পেয়েছে ১ হাজার ৮৮ শিশু।
অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে মোট ১ হাজার ১৩৭ শিশু। নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০৫ শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ২৪২ শিশুর মৃত্যু হয়েছে।
এই সময়ে সারা দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ২৫ হাজার ১০৬, আর পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ২৩ হাজার ৬৩১ জন। মোট ২ লাখ ৩১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, তাদের মধ্যে ১ লাখ ৯২ হাজার ১৭৮ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।
১৫ মার্চ থেকে চলা এই প্রকোপে নতুন করে ভর্তি হওয়া শিশুর সংখ্যা এক দিনেই এক হাজার ছাড়িয়েছে।