দেশের ভেতরে ফ্লাইট পরিচালনার জন্য জেট ফুয়েলের দাম প্রতি লিটারে ৬ টাকা ৩২ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। একই সঙ্গে আন্তর্জাতিক গন্তব্যের ফ্লাইটের জন্য দাম কমানো হয়েছে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করা হয়েছে, যা বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে।
নতুন দর অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে লিটারপ্রতি ১৮৯ টাকা ৩ পয়সা, যা আগে ছিল ১৮২ টাকা ৭১ পয়সা। আন্তর্জাতিক ফ্লাইটের জন্য দাম ১ দশমিক ১৮৮২ ডলার থেকে কমিয়ে ১ দশমিক ১৬৩৭ ডলার করা হয়েছে। গত মাসে দেশের ভেতরে দাম বাড়ানো হয়েছিল লিটারে ১৭ টাকা ৬ পয়সা। দেশে টানা কয়েক মাস কমানোর পর জেট ফুয়েলের দাম চার মাস ধরে বাড়ছে।
বিইআরসি সূত্র জানায়, দেশের ভেতরে জেট ফুয়েল বিক্রির ক্ষেত্রে দুই দফায় ভ্যাট প্রযোজ্য। এত দিন ১৭ শতাংশ হারে ভ্যাট ধরা হলেও তা সঠিক ছিল না; সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিষয়টি সংশোধনের জন্য সতর্ক করেছে। তাই এ মাসে সাড়ে ২২ শতাংশ ভ্যাট ধরে দাম হিসাব করা হয়েছে। এ কারণে আন্তর্জাতিক পর্যায়ে দাম কমলেও দেশের ভেতরে ভ্যাটের প্রভাবে দাম বেড়েছে।
বিইআরসির তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগে ফেব্রুয়ারিতে অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম ছিল ৯৫ টাকা ১২ পয়সা। যুদ্ধ শুরুর পর গত মার্চে দুই দফায় লিটারে মোট ১০৭ টাকা বেড়েছিল। যুদ্ধবিরতি শুরুর পর বিশ্ববাজারে দাম কমতে শুরু করে।
আগে জেট ফুয়েলের দাম নির্ধারণ করত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন। ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে এই এখতিয়ার বিইআরসিকে দেওয়া হয়। গত বছরের মে মাস থেকে সংস্থাটি প্রতি মাসে দাম সমন্বয় করছে।