মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

পুঠিয়ায় টানা বৃষ্টিতে কাটা ধান ভিজে নষ্ট হওয়ার শঙ্কা, দুশ্চিন্তায় কৃষক

রাজশাহীর পুঠিয়ায় কয়েক দিনের বৃষ্টিতে মাঠে ও জমিতে শুকাতে দেওয়া পাকা ধান ভিজে গেছে; ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ হয়নি।

রাজশাহীর পুঠিয়া উপজেলায় কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠে থাকা পাকা ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। ধান কেটে জমিতে শুকাতে দেওয়া হলেও হঠাৎ বৃষ্টিতে তা ভিজে যাওয়ায় গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা।

স্থানীয় কৃষক শরিফুল ইসলাম ও উজ্জল জানান, মৌসুমের শেষ দিকে অনেকে পাকা ধান কেটে জমিতে শুকানোর জন্য রেখেছিলেন। কিন্তু টানা বৃষ্টিতে সেই ধান ভিজে গেছে। কোথাও কোথাও জমে থাকা পানিতে কাটা ধান ডুবেও গেছে। ফলে ধান শুকানো ও নিরাপদে ঘরে তোলা নিয়ে চরম দুর্ভোগে আছেন তাঁরা।

কৃষকেরা বলছেন, ধান ঘরে তুলতে দেরি হওয়ায় পরবর্তী মৌসুমের রসুনসহ অন্যান্য ফসলের আবাদও পিছিয়ে যাচ্ছে। এতে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে, বাড়তে পারে আর্থিক ক্ষতির পরিমাণও।

তাঁদের আশঙ্কা, ভেজা ধান সময়মতো শুকানো না গেলে অঙ্কুরোদ্গম, পচন, রং পরিবর্তন ও মানের অবনতি ঘটবে। এতে বাজারে ধানের দাম কমবে এবং উৎপাদন খরচ তুলে আনাও কঠিন হয়ে পড়বে। সারা বছরের পরিশ্রমের ফসল ঘরে তোলার ঠিক এই সময়ে বৃষ্টিতে হতাশ কৃষকেরা অনুকূল আবহাওয়ার অপেক্ষায় দিন কাটাচ্ছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, দ্রুত মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতি নিরূপণ করে কৃষি বিভাগ যেন প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেয়।

পুঠিয়া উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার জানান, এ বছর উপজেলায় ৭ হাজার ৪৬৫ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। সম্ভাব্য উৎপাদন ২৮ হাজার ৬৮ মেট্রিক টন এবং হেক্টরপ্রতি সম্ভাব্য ফলন ৩ দশমিক ৭৬ টন। তিনি বলেন, আবহাওয়া খারাপ হওয়ার পূর্বাভাস দিয়ে কৃষকদের দ্রুত ধান কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছিল। অনেকে সেই পরামর্শ যথাসময়ে অনুসরণ না করায় ক্ষতির মুখে পড়েছেন। তবে বৃষ্টিতে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখনো নিরূপণ করা হয়নি।