শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

পুরান ঢাকায় হোটেল ব্যবস্থাপক নাঈমুর হত্যা: মামলার পর এক নারী গ্রেপ্তার

টিকাটুলীতে মুরগি ঢুকে পড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে হামলায় ব্যবস্থাপকের মৃত্যুর ঘটনায় ওয়ারী থানায় পাঁচজনকে আসামি করে মামলা হয়েছে।

পুরান ঢাকার টিকাটুলীতে হোটেল ব্যবস্থাপক নাঈমুর রহমান হত্যার ঘটনায় শুক্রবার রাতে ওয়ারী থানায় মামলা হয়েছে। এরপরই রিতা বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মামলার এজাহারভুক্ত আসামি।

পুলিশ জানিয়েছে, রিতা ছাড়াও মামলায় এনায়েত কাজী নামে এক ব্যক্তির নাম আছে। তিনি গ্রেপ্তার রিতা বেগমের মুরগির দোকানের কর্মচারী ছিলেন। আহত হয়ে তিনি রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন; তাঁকে পুলিশের নজরদারিতে রাখা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নিহত নাঈমুরের বড় ভাই নাজমুল হুদা বাদী হয়ে এনায়েত কাজী ও তাঁর ছেলে ইরান কাজী, মুরগির দোকানের মালিক রিতা বেগমসহ পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেন।

পুলিশের তদন্তে জানা গেছে, বৃহস্পতিবার রাত একটার দিকে পাইকারি মুরগির বাজারের একটি খাঁচা থেকে একটি মুরগি হোটেল ওসমানী ইন্টারন্যাশনালের নিচতলার কলাপসিবল গেট দিয়ে ভেতরে ঢুকে পড়ে। হোটেলের নিরাপত্তাকর্মী মুরগিটি বের করে এনায়েতকে দেন। কিন্তু মুরগিটি আগের খাঁচায় না রেখে গেটের পাশে বেঁধে রাখা হলে নিরাপত্তাকর্মী সেটি খাঁচায় রাখতে বলেন। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয় এবং একপর্যায়ে এনায়েত নিরাপত্তাকর্মীকে মারধর করেন বলে ওয়ারী থানার অভ্যন্তরীণ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পরে হোটেলকর্মীরা এনায়েতকে আটক করে অভ্যর্থনাকক্ষে রাখেন এবং থানায় খবর দেন। এর জেরেই হোটেলকর্মীদের ওপর হামলা হয়, যাতে নাঈমুর নিহত হন। আহত হন হোটেলের মহাব্যবস্থাপক কামরুল হাসান ও কর্মী মো. হাসান।

নাঈমুরের মামা মোশাররফ হোসেন জানান, ১২ বছর আগে নাঈমুরের মা মারা যান। বাবা ৬৫ বছর বয়সী গোলাম মোস্তফা ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছেন এবং চোখে দেখেন না। দুই ভাইয়ের মধ্যে ছোট নাঈমুরের আয়েই সংসার ও বাবার চিকিৎসা চলত। তাঁর মৃত্যুতে পরিবারটি এখন অসহায় হয়ে পড়েছে।