বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

মালদ্বীপে একদিনের ব্যবধানে দুই বাংলাদেশির মৃত্যু, একজন জয়পুরহাটের পাঁচবিবির; শুক্রবার দেশে আসবে দুজনের মরদেহ

হাইকমিশন জানিয়েছে, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে দুজনের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে; দুজনই বেশির ভাগ সময় অনিয়মিত অবস্থায় ছিলেন।

মালদ্বীপে একদিনের ব্যবধানে পৃথক ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন বিষয়টি নিশ্চিত করেছে। মৃত দুজন হলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিষ্ণুপুর গ্রামের আব্দুল মালেক ওরফে খোকা মণ্ডলের ছেলে মো. রেজাউল করিম এবং ফরিদপুরের সদরপুর উপজেলার লতিফ কাজীর ডিঙ্গি গ্রামের মিয়া খানের ছেলে কুরমান।

রেজাউলের এলাকার মালদ্বীপ প্রবাসী মো. মানিক হোসেন ও তাঁর ছোট মেয়ের জামাতা নাসিবুল জানান, জীবিকার সন্ধানে ২০১৩ সালে মালদ্বীপে যান রেজাউল। দীর্ঘদিন দেশটির বিভিন্ন দ্বীপে কাজ করলেও বেশির ভাগ সময় তিনি অনিয়মিত অবস্থায় ছিলেন। সর্বশেষ রা-আতুলের বাধু দ্বীপে বাংলাদেশিদের পরিচালিত একটি গেস্টহাউসে রাঁধুনির কাজ করতেন তিনি।

তাঁরা জানান, গত সোমবার ভোর ৪টার পর রাজধানী মালে থেকে প্রায় ১৯৫ কিলোমিটার দূরের বাধু দ্বীপের একটি স্থানীয় মসজিদ থেকে রেজাউলের মরদেহ উদ্ধার করা হয়। ফজরের নামাজ পড়তে যাওয়া এক বাংলাদেশি প্রথমে তাঁকে দেখতে পান। ভোর ৪টা ১৫ মিনিটের দিকে রেজাউলের রুমমেটরা ফোন করে নাসিবুলকে মৃত্যুর খবর দেন। নাসিবুলের ভাষ্য, প্রথমে আত্মহত্যার খবর ছড়িয়ে পড়লেও পুলিশ ও চিকিৎসকের প্রতিবেদনে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে। রেজাউলের মরদেহ এখন মালের একটি মর্গে রাখা আছে। মরদেহ দেশে ফেরাতে হাইকমিশনের সহযোগিতা চেয়ে আবেদন করেছে তাঁর পরিবার।

এর আগে রোববার স্ট্রোকে আক্রান্ত হয়ে পানিতে ডুবে মারা যান আরেক প্রবাসী কুরমান। তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাইকমিশন জানিয়েছে, স্থানীয় প্রশাসন ও চিকিৎসা প্রতিবেদনে তাঁর মৃত্যুর কারণ হিসেবে স্ট্রোকের কথা বলা হয়েছে। কুরমান দীর্ঘদিন মালদ্বীপের বিভিন্ন কোম্পানিতে নথিভুক্তি ছাড়া কাজ করছিলেন। তাঁর মরদেহও মালের একটি মর্গে রাখা হয়েছে।

হাইকমিশন আরও জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে আগামী শুক্রবার দুই প্রবাসীর মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।